বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাসী: রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ
আধুনিক ও শক্তিশালী চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাসী।
শুক্রবার বঙ্গভবনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও-এর সাথে সাক্ষাতকালে রাষ্ট্রপতি একথা বলেন।
রাষ্ট্রপতি সেসময় বাংলাদেশের পানি-প্রবাহ সমস্যা এবং কৃষির সম্ভাবনার কথা উল্লেখ করে এসব ব্যাপারে চীনের সহযোগিতা কামনা করেন।
চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের পানি সমস্যা সমাধান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সতর্কীকরণ কেন্দ্রগুলোতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। কৃষিখাতে দ’ুদেশের মধ্যকার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জিয়াবাও বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পাদিত চুক্তিগুলোকে সফল বলে অভিহিত করেন। বাংলাদেশের সাথে বানিজ্য ঘাটতি দুর করার ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ চীনের প্রেসিডেন্টকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে চীনা প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
রাষ্ট্রপতির সাথে চীনের প্রধানমন্ত্রীর সাক্ষাতকালে অন্যান্যের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি জাওজিং, বানিজ্য মন্ত্রী বো জিলাই, বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত চাই জি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমান ও রাষ্ট্রপতির সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
