২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নিখোঁজ দুই গোয়েন্দা পুলিশের সন্ধান এখনও মেলেনি, পুলিশি অভিযান অব্যাহত

মাদারীপুর থেকে নিখোঁজ দুই গোয়েন্দা পুলিশ কর্মকর্তার সন্ধান এখনও মেলেনি। চরমপন্থি পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্যরা তাদের অপহরণ করেছে বলে নিশ্চিত হয়ে সর্বহারা এলাকায় ব্যাপক অভিযান চালিয়েও পুলিশ গত চারদিনে তাদের কোনও হদিস বের করতে পারেনি।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

পুলিশ এ পর্যন্ত চরমপন্থি দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল জিরুল ইসলাম (৩০), শামীম কাজি (৩২) ও দেলোয়ার বাঙ্গালী (২৮)। এদের সকলের বাড়িই শিবচর উপজেলায়।

পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা এসবি’র এসআই হাসনাইন আজম ও ডিএসবি’র প্রধান সহকারী কামরুল হাসান সোমবার সকালে মোটর সাইকেলযোগে ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের কাগজপত্র নিয়ে, ভেরিফিকেশনের উদ্দেশ্যে, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে এক পরীক্ষার্থীর বাড়িতে যান।

সেখান থেকে ফেরার পথে একই ইউনিয়নের শাখারপাড় এলাকার আমন্দ বাজারের সামনে পূর্ববাংলা সর্বহারা পার্টির ৩০/৪০ জন সদস্যকে বৈঠক করতে দেখে ওই দুই কর্মকর্তা তাদের পরিচয় জানতে চাইলে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চরমপন্থিরা তাদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে অপহরণ করে। এরপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

সোম ও মঙ্গলবার ওই দুই কর্মকর্তা অফিসে না আসায় বিষয়টি পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। পরে তাদের বাসায় খোঁজ নিয়ে জানা যায় তারা সোমবার বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।

এদিকে অপহৃত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের লক্ষ্যে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ সুপারের নেতৃত্বে সাত/আটটি টিম জেলার চরমপন্থি এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।