ওয়ানটেল এ বছর রাজশাহী অঞ্চলে ৩০ হাজার ল্যান্ডফোন সংযোগ দেবে
বেসরকারি টেলি যোগাযোগ কোম্পানি ওয়ানটেল এ বছরের মধ্যে রাজশাহী অঞ্চলে প্রায় ৩০ হাজার ল্যান্ডফোন সংযোগ দেবে।
কোম্পানি কর্তৃপক্ষ বৃহষ্পতিবার বিডিনিউজকে জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলে বিশেষ করে পল্লী অঞ্চলে ল্যান্ডফোনের চাহিদার কথা বিবেচনা করে তারা এ পদক্ষেপ নিচ্ছে।
ওয়ানটেল কমিউনিকেশনস লিমিটেডের বিপণন ও বিক্রয় বিষয়ক ব্যবস্থাপক মাহতাবুল আমিন বলেন, জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করার পর তারা তাদের জন্য অনুমোদিত অঞ্চলগুলোর নেটওয়ার্কের আওতায় ১ লাখ ৮০ হাজার সংযোগ প্রদান করবে।
প্রথম পর্যায়ে কোম্পানি রাজশাহী, বগুড়া, রংপুর, পাবনা ও সিরাজগঞ্জ জেলায় ৬০ হাজার সংযোগ প্রদান করবে। তিনি বলেন উত্তর-পশ্চিমাঞ্চলের ১৬ টি জেলায় ল্যান্ডফোন সংযোগ প্রদান করতে তাদের ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে হবে।
ওয়ারলেস সার্ভিস প্রদান করবে ওয়ানটেল। গ্রাহকরা বাড়িতে ওয়ারলেস টার্মিনালের মাধ্যমে কলার আইডি, ভয়েস মেইল ও এসএমএস’র সুবিধা পাবেন।
তিনি বলেন, প্রতি সংযোগের জন্য গ্রাহকদের প্রায় ১০ হাজার টাকা প্রদান করতে হবে।
ওয়ানটেল’র কলচার্জ বিটিটিবি’র তুলনায় সাশ্রয়ী হবে বলে তিনি জানান। শুধু তাই নয়, আবেদনপত্র পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রাহককে সংযোগ প্রদান করা হবে।
