নীলফামারীতে প্রধান ডাকঘরে একাউন্ট জালিয়াতি: দু কর্মকর্তা গ্রেফতার
জেলার প্রধান ডাকঘরে পোস্টাল সঞ্চয় ব্যাংকের একাউন্ট জালিয়াতির ঘটনায় অভিযুক্ত সহকারী পোস্টমাস্টার মীর নূরুল ইসলাম মুন্না ও লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজুকে বুধবার গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুর পৌনে দু টায় জালিয়াতির ঘটনা তদন্তে নিয়োজিত কমিটি তাদের পুলিশে সোপর্দ করলেও পোস্টাল অপারেটর তসলিম উদ্দিন এখনও পলাতক। পোস্টমাস্টার তোরাব উদ্দিন এ ব্যাপারে বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা করেছেন।
তদন্ত কমিটি জানায়, নীলফামারী পোস্টাল সঞ্চয় ব্যাংকের মোট ১৪ হাজার সঞ্চয় একাউন্ট এবং ১৭ হাজার সাধারণ একাউন্টের মধ্যে মাত্র ৫০০টি একাউন্ট পর্যালোচনা করে এ পর্যন্ত ২২০টি একাউন্টে ৫৬ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে। ২০০৩ এবং ২০০৪ সালের কাগজপত্রে এই পরিমান অর্থ জালিয়াতি ধরা পড়ে।
সংশিষ্ট সুত্র জানায়, সঞ্চয়পত্রের ভুয়া ভাউচার ও একাধিকবার পেমেন্ট দেখিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় এই অর্থ আত্মসাৎ করা হয়। ডাকঘরের সহকারী পোস্টমাস্টার মীর নূরুল ইসলাম মুন্না, লেজার অপারেটর আহমেদুল ইসলাম রাজু এবং পোস্টাল অপারেটর তসলিম উদ্দিন অর্থ আত্মসাতের সাথে জড়িত রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।
তদন্ত দলের অন্যতম সদস্য ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শফিকুল আলম বুধবার জানান, শুধুমাত্র ২০০৩ ও ২০০৪ সালের সঞ্চয় ব্যাংকের পাঁচ শ একাউন্ট পর্যালোচনা করে ৫৬ লাখ ২২ হাজার টাকা আত্মসাতের ঘটনা ধরা পড়েছে। ২০০০ সাল থেকে চলতি বছর পর্যন্ত অবশিষ্ট সঞ্চয় ব্যাংক একাউন্ট, সঞ্চয়পত্র, মানিঅর্ডার, পেমেন্ট ইস্যু, ফিক্সড ডিপোজিট, ট্রেজারি চালান, প্রাইজবন্ড ও ফোন কার্ডের স্টকসহ অন্যান্য হিসাবপত্র তদন্ত করা হচ্ছে।
অপর এক সূত্র জানায়, ২০০০ সাল থেকে এ পর্যন্ত যে সাতজন এই ডাকঘরে পোস্ট মাস্টার হিসেবে কর্মরত ছিলেন তারাও জালিয়াতির মাধ্যমে এই বিপুল পরিমান অর্থ আত্মসাতের সাথে জড়িত।
এদিকে বুধবার বিভিন্ন সংবাদপত্রে এ সংক্রান্ত খবর প্রকাশের পর নীলফামারী পোস্টাল সঞ্চয় ব্যাংক ও সাধারণ একাউন্ট হোল্ডারদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিলেও তদন্ত কমিটির অন্যতম সদস্য শফিকুল আলম জানান, এ ব্যাপারে একাউন্ট হোল্ডারদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। বৈধ পাশ বই থাকলেই তারা তাদের জমাকৃত অর্থ ফেরৎ পাবেন।
