নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতায় ৯ কোট টাকার প্রকল্প হুমকির সম্মুখিন
জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বিভিন্ন সংযোগ সড়ক পুনঃনির্মানের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত ৯ কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পের দরপত্র বিক্রয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে এবং গোটা প্রকল্পটিই হুমকিগ্রস্ত হয়ে পড়েছে।
নেত্রকোনা, মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলার বিভিন্ন সড়ক পুনর্নির্মাণ করার কাজ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির কারণে থমকে গেছে। ফলে স্থানীয় ঠিকাদারদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা যায়, নির্বাহী প্রকৌশলী মোঃ শফিউল আজম ভুঁইয়া তার আত্মীয়ের প্রতিষ্ঠান চৌধুরী বিল্ডার্স ও দি স্টীল স্টোনসহ তার বন্ধু-বান্ধবের মালিকানাধীন আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নামে দরপত্র বিক্রয় দেখিয়ে গোপনে তাদের নামে কোটি কোটি টাকার কাজ বরাদ্দের পায়তারা করছেন।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, ওই নির্বাহী প্রকৌশলী নিজ নামে বরাদ্দকৃত সরকারি বাসভবনে না উঠে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোয় অবস্থান করছেন এবং নিজস্ব কিছু ঠিকাদারের সঙ্গে যোগসাজস রক্ষা করে চলছেন। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজের খুশি মতো অফিস চালাচ্ছেন।
ঠিকাদাররা অভিযোগ করেন, ওই প্রকৌশলী প্রায়ই নেত্রকোনার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীসহ উপর মহলের ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে নিজেকে তাদের লোক হিসেবে জাহির করে ঠিকাদারদের ভয়ভীতি প্রদর্শন করেন।
জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লুৎফুজ্জামান বাবর নির্বাচনী এলাকার সাথে জেলা সদরের সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থার লক্ষ্যে ওই প্রকল্পের বাস্তবায়নের জন্য ৯ কোটি টাকার একটি বরাদ্দ আনেন।
কিন্তু নির্বাহী প্রকৌশলীর স্বেচ্ছাচারিতায় বর্তমানে ওই প্রকল্প ভেস্তে যেতে বসেছে। এ ব্যাপারে উক্ত প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান।
