২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরের ৫ জেলায় চলছে জমজমাট ক্লিনিক ব্যবসা

সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে রংপুরে জমে উঠেছে ক্লিনিক ব্যবসা। বৃহত্তর রংপুরের পাঁচ জেলা ছাড়াও উপজেলা ও গ্রামাঞ্চলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ক্লিনিক ও হাসপাতাল। চিকিৎসা নিতে এসে এসব ক্লিনিক-হাসপাতালে মানুষজন সেবার বদলে প্রতারণার শিকার হচ্ছে। ল্যাব ও ক্লিনিক ব্যবসার সাথে জড়িতদের অধিকাংশই ডাক্তার। তারা বিএমএসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ পদে অধিষ্ঠিত থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না কোনও সরকারি সংস্থা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 11:50 AM

Updated : 26 Apr 2022, 05:31 PM

রংপুরের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় প্রায় ৩ শতাধিক ক্লিনিক রয়েছে। অধিকাংশেরই কোনও লাইসেন্স নেই। এ ছাড়াও প্রায় হাট-বাজারেই রয়েছে ছোট ছোট ক্লিনিক। এ সমস্ত ক্লিনিক ও হাসপাতাল সংলগ্ন স্থানীয়রা জানায়, রাতারাতি গড়ে ওঠা এসব ক্লিনিক নজরকাড়া সাইনবোর্ড এবং বিলবোর্ড দিয়ে রোগীদের আকৃষ্ট করে। ক্লিনিকগুলোতে বড়জোর একজন প্রশিক্ষিত নার্স রয়েছে। সদ্য পাস করা অনভিজ্ঞ ডাক্তারের কারণে অনেক সময় রোগীর মৃত্যু ঘটে। এদের মধ্যে আবার বেশিরভাগই বেসরকারি মেডিকেল কলেজ থেকে পাস করা। নেই কোনও অভিজ্ঞ সার্জন।  ভুল চিকিৎসায় রোগীর অবস্থা মুমুর্ষু হলে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে আসা রোগীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। ক্লিনিক ও হাসপাতালগুলোর ডায়গনষ্টিক সেন্টার বা প্যাথলজি সেকশনের অবস্থা আরও ভয়াবহ। ডিপ্লোমাধারী টেকনোলজিষ্ট থাকার কথা থাকলেও হাতুড়ে লোকজন দিয়ে রক্ত এবং মল-মুত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর কারণে প্রায়শই সঠিকভাবে রোগ নির্ণয় সম্ভব হয় না।

সরকারি নিয়ম অনুযায়ী ক্লিনিক, হাসপাতাল, ডায়গনষ্টিক বা প্যাথলজি সেন্টারগুলো তদারকি করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব জেলা সিভিল সার্জনের। কিন্তু অজ্ঞাত কারণে জেলা সিভিল সার্জন অবৈধ ক্লিনিক, হাসপাতাল, ডায়গনষ্টিক কিংবা প্যাথলজি সেন্টারগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না। ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক এবং সাব-সেন্টার থাকলেও সেখানেও কোনও ডাক্তার নেই। ডাক্তাররা শহরে প্রাইভেট প্র্যাকটিস করেন।

ক্লিনিক ও হাসপাতালকে কেন্দ্র করে শহর এবং গ্রামগুলোতে গড়ে উঠেছে লাইসেন্সবিহীন শত শত ওষুধের দোকান। শতকরা ৯৫ ভাগ দোকানেরই ড্রাগ লাইসেন্স নেই। দোকানে ফার্মাসিষ্ট থাকার নিয়ম থাকলেও কোনও দোকানেই ফার্মাসিষ্ট নেই। অভিযোগ রয়েছে এ সমস্ত দোকানে অবাধে নকল ও ভেজাল ওষুধ বিক্রি হয়।

থানা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর অবস্থা আরও করুণ। রোগী আছে তো ডাক্তার নেই। আবার ডাক্তার আছে তো রোগী নেই। রোগীরা হাসপাতালে ওষুধ না পেলেও সরকারিভাবে সরবরাহ করা সব ওষুধ কালো বাজারে বিক্রি হয়ে যায়।