কৃষিঋণ ৫২ শতাংশ বৃদ্ধি
গত অর্থ বছরের প্রথম সাত মাসের তুলনায় চলতি অর্থ বছরের প্রথম ৭ মাসে বাণিজ্যিক ব্যাংক এবং অর্থ লগ্নিকারক প্রতিষ্ঠানসমূহ ৫২ দশমিক ৬৬ শতাংশ কৃষি ঋণ বিতরণ বৃদ্ধি করেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক এবং অর্থ লগ্নিকারক প্রতিষ্ঠান থেকে প্রথম সাত মাসে দুই হাজার ছয়’শ ৫২ কোটি ৪০ লাখ টাকা কৃষি ঋণ দেয়া হয়েছে। অন্যদিকে গত বছর একই সময়ে এক হাজার সাত’শ ৩৭ কোটি ৫০ লাখ টাকা দেয়া হয়েছিল।
এদিকে বর্তমান অর্থ বছরে সরকার পাঁচ হাজার পাঁচ’শ ৩৭ কোটি ৯১ লাখ টাকা কৃষি ঋণ দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত বছর এর পরিমাণ ছিল চার হাজার তিন’শ ৭৮ কোটি ৯৪ লাখ টাকা।
গত বছর অর্থ ও পরিকল্পনা মন্ত্রী কৃষি ও অন্যান্য ঋণের ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সুদের হার কমানোর আহ্বান জানিয়েছিলেন। বর্তমান অর্থ বছরে রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো সুদের হার কমিয়েছে।
কৃষি ঋণের ক্ষেত্রে রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে এখন সুদের হার ৪ থেকে ৯ শতাংশ। এর আগে অবশ্য এই হার ছিল ৮ থেকে ১০ শতাংশ। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং বিদেশি বাণিজ্যিক ব্যাংক কৃষি ঋণের ক্ষেত্রে সুদের হার কমিয়ে ১০ শতাংশ অথবা ১০ শতাংশেরও কম নির্ধারণ করেছে।
এদিকে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রনী, জনতা ও রুপালী ব্যাংক ঋণদানে প্রধান ভূমিকা পালন করছে।
