শেভরন টেক্সাকো: একটি জায়ান্ট কোম্পানির ফিরে আসার প্রত্যাশায় বাংলাদেশ
শেভরন টেক্সাকোর সাথে ইউনোকলের ১৮ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির ঘোষণার পর জ্বালানি খাতে একটি জায়ান্ট কোম্পানির ফিরে আসার প্রত্যাশা করছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বৃহত্তম জ্বালানি কোম্পানি শেভরন টেক্সাকো যুক্তরাষ্ট্র, কানাডা, ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয় দেশসমূহ, ইউরোপ, ইউরো-এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়া-প্রশান্তমহাসাগরীয় এলাকায় কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোর মধ্যে ইউনোকলের অবস্থান অষ্টম।
জ্বালানি খাতের সূত্রসমূহ জানায়, এর আগে বাংলাদেশ থেকে ফিরে গেলেও এবারে শেভরন টেক্সাকো বড় ধরনের কাজ হাতে নেওয়ার আগ্রহ দেখাচ্ছে।
ব্লক-৯ এ ৬০ শতাংশের দায়িত্ব নেওয়ার আগ্রহ ছিলো শেভরনের। কিন্তু টেক্সাকোর সাথে একীভূত হওয়ার পর কানাডার এনার্জি জুনিয়র নাইকোর হাতে শেয়ার তুলে দিয়ে কোম্পানিটি ২০০৩ সালের জানুয়ারিতে বাংলাদেশ ছেড়ে যায়।
একটি অপরিচিত কোম্পানির কাছে দায়িত্ব ছেড়ে দিয়ে এভাবে চলে যাওয়ার ঘটনা নিয়ে সে সময় ব্যাপক তোলপাড় হয়। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন।
জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন বলেন, “উৎপাদনকারীরা যদি উৎপাদন বিনিময় চুক্তি- পিএসসি অনুসারে কাজ করে, আমাদের কোন আপত্তি নেই।”
তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, ট্রান্সফারের জন্য ছয় মাসের কম সময় লাগবে না।
ইউনোকলের ভাইস চেয়ারম্যান জন ডব্লিউ ক্রেইগটন মঙ্গলবার মৌলভীবাজারে তাদের পরিচালনায় নতুন গ্যাস ক্ষেত্রের আনুষ্ঠানিক উদ্বোধনকালে শেভরন টেক্সাকোর সাথে তাদের নতুন চুক্তির কথা জানানোর পর মন্ত্রী বিডিনিউজকে এ প্রতিক্রিয়া জানান।
বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে ইউনোকলের ভূমিকার জোর প্রশংসা করে মন্ত্রী বলেন, কোম্পানিটি স্বল্প মূল্যের দেশের গ্রাহকদের কাছে গ্যাস সুবিধা পৌঁছে দিচ্ছে।
জন ক্রেইগটন বলেন, ইউনোকল শেভরন টেক্সাকোর সাথে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে এবং ইউনোকলের সকল প্রতিশ্র“তি এখন শেভরণ টেক্সাকোর প্রতিশ্রতি।
এ অনুষ্ঠানে যোগ দিতেই ক্রেইগটন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন।
ইউনোকলের মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বাংলাদেশ, ইন্দোনেশিয়া,থাইল্যাণ্ড, ফিলিপাইন, ভিয়েতনাম ও মায়ানমারে ইউনোকলের কার্যক্রমের কথা উল্লেখ করে ক্রেইগটন বলেন, এশিয়ায় কোম্পানিটির পারফরমেন্স শেভরন টেক্সাকোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
এশিয়ায় আমাদের অংশীদারিত্ব ও উৎপাদণশীলতার ইতিহাস অবিচল রাখছে বাংলাদেশ, এবং শেভরন টেক্সাকোর কাছে এর মূল্য রয়েছে, বললেন ইউনোকল কর্মকর্তা।
