২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াবাউ’র সফরকে রাজনৈতিকভাবে ‘তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছে বাংলাদেশ: সামরিক সহযোগিতা বিষয়েও আলোচনা হবে

চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাউ’র আসন্ন দু দিনের সফরকে ‘রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ’ হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয় সফরটি বাণিজ্য ঘাটতি কমাতে অর্থনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশের নীতিনির্ধারক মহল। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমন্ত্রণে ৭ এপ্রিল চীনা প্রধানমন্ত্রী ঢাকায় আসবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন চীনা প্রধানমন্ত্রীর সফরকে ‘মাইলস্টোন’ হিসেবে অভিহিত করে বলেন, “দু দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূর্তির প্রাক্কালে চীনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে আগমন দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিকে আরও জোরদার করবে।”

তিনি বলেন, জিয়াবাউ’র সফরকালে বেশ কটি চুক্তি স্বাক্ষর হবে এবং বাংলাদেশ বাণিজ্য ব্যবধান কমিয়ে আনার বিষয়ে আলোকপাত করা হবে। 

সামরিক সহযোগিতা সংক্রান্ত কোন চুক্তি স্বাক্ষর হবে কি না এমন এক প্রশ্নে পররাষ্ট্র সচিব কিছুক্ষণ চুপ থাকেন এবং সহযোগীদের সাথে আলোচনা করে বলেন, “ উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক রয়েছে। সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিদ্যমান প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে।”

দু প্রধানমন্ত্রীর বৈঠকে সমরাস্ত্র বিনিময় নিয়ে কোন আলোচনা হবে কিনা এ পশ্নের উত্তরে তিনি বলেন, “না, আমার মনে হয় না।”

তাইওয়ান বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ এক চীন নীতিকে সমর্থন করে, এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই।’ তিনি স্পষ্ট করেই বলেন, ‘তাইওয়ান চীনের অংশ।’

বাংলাদেশে চীন থেকে সাপ্লায়ার্স ক্রেডিট গ্রহণ করতে যাচ্ছে কিনা সেই প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, সরকার ‘অবশ্যই’ চীনের কাছে সহজ শর্তে ঋণের অনুরোধ জানাবে। তিনি আরও বলেন, “আমাদের বেশ কটি প্রকল্প রয়েছে যেখানে ঋণের অর্থ ব্যবহার করা যেতে পারে।”

আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, দু প্রধানমন্ত্রী সন্ত্রাস দমন নিয়ে আলোচনা করবেন। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী বিশেষ করে পুলিশ ও আনসারের প্রশিক্ষণ নিয়েও দু’ রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হবে বলে তিনি জানান।

দু দেশের মধ্যে ব্যাপক বাণিজ্য ঘাটতি হ্রাসে চীনের বাজারে বাংলাদেশের রফতানি পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইবে। ২০০৩-০৪ অর্থবছরে বাংলাদেশ ও চীনের মোট বাণিজ্যের পরিমান ছিল ১১৪৩ মিলিয়ন মার্কিন ডলার। এরমধ্যে চীন বাংলাদেশে রফতানি করেছে ১০৭৯ মার্কিন ডলারের পণ্য ও বাংলাদেশ চীনে রফতানি করেছে ৪৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য।

সফরে চীনা প্রধানমন্ত্রীর নেতৃত্বে  ১০২ সদস্যের প্রতিনিধিদলে থাকবেন চীনের চার মন্ত্রী, চার জন ভাইস মিনিস্টার ও বেশ কয়েকজন ব্যবসায়ী।

পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, মায়ানমার হয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে সড়ক যোগাযোগের বিষয়ে ইতিবাচক আলোচনা হবে। পাশাপাশি চীনা প্রধানমন্ত্রীর দু দিনের সফরে অপরাধ নিয়ন্ত্রণ, টেলিযোগাযোগ, কৃষি, বিজ্ঞাণ ও প্রযুক্তি এবং সংস্কৃতি নিয়ে আলোচনা হবে বলে তিনি জানান।