টেলিটক কোম্পানি এবং বিটিটিবি বেসরকারিকরণের প্রতিবাদ জানিয়েছে টিঅ্যান্ডটি শ্রমিক ইউনিয়ন
টেলিটক কোম্পানিকে সরকার অনুমোদন প্রদান করলেও মোবাইল নেটওয়ার্ক সিস্টেম পরিচালনা বোর্ডকেই দায়িত্ব দিতে হবে বলে মঙ্গলবার বিটিটিবির শ্রমিক নেতারা দাবি জানিয়েছেন।
বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়নের (বিটিএসকেএফইউ) নেতারা শেরেবাংলা নগর টেলিফোন ভবনে মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে তাদের দাবি উপস্থাপন করেন। বৈঠকে নেতারা বোর্ডের অবকাঠামোগত যে কোনও পরিবর্তন আনয়নের ক্ষেত্রে সরকারি পদক্ষেপ প্রতিহত করতে বিটিটিবির শ্রমিকদের আহ্বান জানান।
বিটিএসকেএফইউ নেতা হানিফ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার।
বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল হক ফারুক, তোফায়েল আহমেদ, জাহাঙ্গীর আলম মঞ্জু এবং বিটিএসকেএফইউ নেতা নূরুল আজাদ ও এসএমএ মুকিত। তারা অবকাঠামোগত পরিবর্তনসহ টিঅ্যান্ডটি বোর্ডের বেসরকারিকরণের প্রতিবাদ করেন এবং টিঅ্যান্ডটি রক্ষা কমিটির দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
