‘সুনামি হুশিয়ারি’ সংক্রান্ত খবর প্রসঙ্গে বিডিনিউজ অনড়
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সোমবার এক প্রতিবাদ লিপিতে ‘সুনামির হুশিয়ারি সত্ত্বেও প্রশাসন নির্বিকার’ শিরোনামে গত ২৯ মার্চ বিডিনিউজ পরিবেশিত খবরের সত্যতা অস্বীকার করেছে।
বিডিনিউজ পরিবেশিত খবরটি কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়, যাতে বলা হয়েছিলো ২৮ মার্চের সেই রাতে রাষ্ট্রীয় প্রশাসন কার্যত ঘুমিয়েছিলো।
বিডিনিউজ এ খবরের ব্যাপারে তার অবস্থানে অনড় রয়েছে।
সংবাদ সংস্থার স্টাফ করেসপন্ডেন্ট এবং নোয়াখালী, ফেনী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা ও কক্সবাজারের জেলা প্রতিনিধিগণ সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার বা প্রশাসনের অন্য কারো কাছ থেকে সেদিন কোনও সাড়া পাননি। সে রাতে যোগাযোগ করা হলে এসব প্রশাসনিক কর্মকর্তাদের বাসা থেকে জানানো হয়, তারা ঘুমিয়ে আছেন।
বিডিনিউজের ওই প্রতিবেদনে এটিও উল্লেখ করে, এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ের কর্তৃপক্ষের কাছে সম্প্রতি একটি গাইড লাইন সরবরাহ করা হয়।
