গাইবান্ধায় টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত ৬৫০০ পরিবার গৃহনির্মাণ সহায়তা পায়নি
গাইবান্ধা জেলার টর্ণেডো কবলিত সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলার সাড়ে ছয় হাজার ক্ষতিগ্রস্ত পরিবার গৃহনির্মাণ বাবদ কোন সরকারি সহায়তা পায়নি। ফলে তাদের দু’সপ্তাহের বেশি সময় ধরে খোলা আকাশের নিচে বসবাস ও সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে ঘটনায় নিহত হয়েছে এমন ৬২টি পরিবারের মধ্যে মাত্র ২৬টি পরিবার বিএনপি’র যুগ্ম-মহাসচিব তারেক রহমানের প্রতিশ্র“ত ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে।
তবে সরকারি ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে এ অভিযোগের কথা অস্বীকার করে বলা হয়েছে, এরইমধ্যে প্রায় ১২শ’ পরিবারকে দুই বাণ্ডিল ঢেউটিন ও দুই হাজার করে টাকা এবং পাঁচশ’ পরিবারকে তাবু তৈরী করে দেওয়া হয়েছে। বাকি পরিবারগুলোর জন্যও নির্মাণ সামগ্রী ও অর্থ সাহায্য দেওয়ার প্রক্রিয়া চলছে।
সরজমিনে গিয়ে জানা যায়, জেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ গ্রামে আটশ’ পরিবার টর্ণেডোর ছোবলে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে মাত্র একশ’ ৫০টি পরিবার গৃহনির্মাণ সামগ্রী ও আর্থিক সহায়তা পেয়েছে। তাবু পেয়েছে মাত্র ৬০টি পরিবার। বাকী পরিবারগুলো পলিথিন ও ভাঙ্গাচোরা টিন দিয়ে কোন রকমে ছাপড়া তুলে সেখানেই জীবনযাপন করছে।
গ্রামের আনোয়ারুল ইসলাম, খোকা শেখ ও কুদ্দুস বিডিনিউজকে জানান, দু’সপ্তাহ পেরিয়ে গেলেও তারা নির্মাণ সামগ্রী বা কোন আর্থিক সহায়তা পায়নি। তবে এ সময়ে তারা মোট ২০ কেজি চাল পেয়েছে।
সর্বানন্দ গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা জরফুল বেওয়া ও কাচলিন বেওয়া জানান, টর্ণেডোতে সর্বস্ব হারিয়ে তারা বর্তমানে এনজিও’র দেওয়া পলিথিনে ঘরের মতো বানিয়ে রাতযাপন করছেন। সরকারী ভাবে কয়েক কেজি চাল ছাড়া তাদের ভাগ্যে আর কিছুই জোটেনি। ফলে খোলা আকাশের নিচে তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন চলছে।
নলডাঙ্গা ইউনিয়নের ক্ষতিগ্রস্তরাও এ প্রতিবেদকের কাছে একই ধরণের অভিযোগ করেছেন।
