২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে বোমা বিষ্ফোরণ ঘটনায় গ্রেফতারকৃত তিন কিশোর রিমান্ডে

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে নাজিমউদ্দিন রোডের একটি ভবন থেকে তিন কিশোরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে, লালবাগ পুলিশ সোমবার বিডিনিউজকে এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 04:34 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এলাকাবাসী এবং আটককৃতদের পরিবারের দাবি, জেল কর্তৃপক্ষ নিজেদের দায়-দায়িত্ব ও বোমা বিস্ফোরণের সাথে সংশ্লিষ্টতা গোপন করার জন্য নিরপরাধ কিশোরদের বিনা অপরাধে গ্রেপ্তার করেছে।

তারা জানায়, নাজিমুদ্দিন রোডের যে ভবন থেকে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে সেখানে তারা কবুতর পালন করতো। ঘটনার সময় কিশোররা ২৪ নং ভবনের ছাদে কবুতরের ‘খোপ’ (ঘর) পরিস্কার করছিলো বলে এলাকাবাসী ও আটকদের পারিবারিক সূত্র জানায়।

বিস্ফোরণের পর জেল পুলিশ ঐ ভবনে অভিযান চালিয়ে ফয়সল, মফিজ ও মাহমুদ আলমকে আটক করে। এদের প্রত্যেকের বয়স ১৩ -১৪ বছর। গ্রেপ্তারের পর জেল পুলিশ তাদের লালবাগ থানায় হস্তান্তর করে। লালবাগ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিন দিনের রিমান্ডে নিয়েছে।

লালবাগ পুলিশ জানায়, আটক কিশোরদের নামে থানায় আগে কোন মামলা দায়ের বা সাধারণ ডায়রিও নেই। তবে পুলিশের দাবি, ঘটনার সাথে তিন কিশোরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

গত ৩১ মার্চ সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ৪ নম্বর খাতা ভবনের পূর্ব পাশে ভূবর্গস্থ পানির ট্যাঙ্কের ওপর বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটলে সেখানে কর্মরত কারারক্ষী আবদুস সাত্তার আকন্দ আহত হন।