২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও শিক্ষার পরিবেশ বিনষ্টের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাম্প্রতিক বিভিন্ন অনিয়ম, স্বজনপ্রীতি ও শিক্ষার পরিবেশ ব্যাহত করার অভিযোগ এনে প্রগতিশীল শিক্ষক জোট উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

সোমবার  প্রগতিশীল শিক্ষক জোটের ১০ জন শিক্ষক এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান। বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন: অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, অধ্যাপক আমির হোসেন, অধ্যাপক আনু মোহাম্মদ, শরমিন্দ নীলোর্মী , সাঈদ ফেরদৌস ও স্বাধীন সেন প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন রাজনৈতিক আদর্শহীন স্বার্থান্বেষী কিছু শিক্ষককে নিয়ে অনিয়ম, স্বজনপ্রীতি, ক্ষমতা ও স্বার্থ ভাগ-বাটোয়ারার জন্য এক আজব জোট গঠন করেছে। ফলে প্রশাসনের সকল কর্মকাণ্ডে সবাই  অস্বস্তিতে ভুগছে ।

তারা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালযের বৃহত্তর স্বার্থের প্রতি সম্মান না দেখিয়ে দলীয় বিবেচনায় উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অযোগ্য প্রার্থীদের শিক্ষক হিসেবে মনোনীত করা হয়। পরে অবশ্য ছাত্র শিক্ষকদের প্রচণ্ড আন্দোলনের চাপে সে নিয়োগ বাতিল করা হয়। এর আগে ইলেকট্রনিক্স ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে এক অযোগ্য প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ায় ছাত্র শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে।

বিবৃতিতে শিক্ষকরা আরও বলেন, দলীয় বিবেচনা ও স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্য ও কম  যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিস ও বিভাগে প্রচলিত নিয়ম না মেনে এবং সিন্ডিকেটের সিদ্ধান্তকে অগ্রাহ্য  করে  বিজ্ঞাপিতদের অতিরিক্ত নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া দুর্নীতির আশ্রয়ে প্রথম বর্ষ øাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কোটায় মেধাবী শিক্ষার্থীদের বাদ দিয়ে বিভিন্ন কোটার নামে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি করা হয়।

উল্লেখ্য, গত ৯ মার্চ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নেতারাও বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সরকারের কাছে বর্তমান উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমানের সকল কর্মকাণ্ডের সুষ্ঠু   তদন্তের দাবি জানান।