৯টি খাতে বছরে ৬ হাজার ৭শ’ ৯৬ কোটি টাকা ঘুষ আদায়
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বুধবার জানায়, দেশের নয়টি গুরুত্বপূর্ণ সরকারি খাতে ২৫ ধরনের সেবা দিতে সংশ্লিষ্ট বিভাগ বা খাতের কর্মকর্তা-কর্মচারিরা জনগণের কাছ থেকে বছরে আনুমানিক ছয় হাজার সাতশ’ ৯৬ কোটি টাকা অবৈধ ভাবে আদায় করে থাকে। এ হিসেবে দেশের প্রতিটি নাগরিককে বছরে গড়ে চারশ’ ৮৫ টাকা ঘুষ দিতে হয়েছে।
‘বাংলাদেশ দুর্নীতি’ শীর্ষক টিআইবির খানা জরিপ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। টিআইবির প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত খাতগুলো হচ্ছে ভূমি সংশ্ল্ষ্টি দফতরগুলো, থানা পুলিশ ও নিু আদালত। এছাড়া অন্যান্য দুর্নীতিগ্রস্ত খাতগুলো হচ্ছে- স্বাস্থ্য, শিক্ষা, কর বিভাগ, স্থানীয় সরকারের সালিশ ও ত্রাণ এবং পেনশন।
টিআইবির জরিপ প্রকাশের পর সংস্থার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাতীয় প্রেসক্লাবে বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মনে করি, দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন, ক্ষমতাবান ও কার্যকর করা, প্রশাসনিক সংস্কার, সরকারি কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়িয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টি, ন্যায়পাল নিয়োগ,অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য অফিসিয়াল সিক্রেটস আইন বাতিল,নীতি নির্ধারকদের রাজনৈতিক সদিচ্ছা এবং সর্বোপরি দুর্নীতি বিরোধী ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দুর্নীতি রোধ করা যেতে পারে।
দুর্নীতির প্রকৃতি, পরিধি, গভীরতা এবং এর ক্ষতি পরিমাপ করা ও সংশ্লিষ্টদের চিহ্নিত করার জন্য গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫৫টি জেলায় দু হাজার একশ’ এবং শহরের নয়শ’ খানায় টিআইবি জরিপ চালায়।
জরিপে ভূমি সংক্রান্ত দুর্নীতির ক্ষেত্রে দেখা যায়, গত এক বছরে জমি রেজিস্ট্রেশন করিয়েছেন তাদের ৯৭ ভাগ নির্ধারিত ফির চেয়ে গড়ে তিন হাজার সাতশ’ ১৩ টাকা বেশি দিয়েছেন। ৫২ ভাগ খানা রেজিস্ট্রেশন কর্মকর্তা-কর্মচারিদের সহায়তায় রাজস্ব ফাঁকি দেয়ার জন্য প্রকৃত মূল্যের চেয়ে ৪১ ভাগ কম লিখিয়েছেন। জমি খারিজ করতে ৮৮ ভাগ উত্তরদাতা ভূমি অফিসে গড়ে দু হাজার ৪৭ টাকা ঘুষ দিয়েছেন। ভূমি জরিপ দফতর বছরে জমি রেজিস্ট্রেশন করতে আনুমানিক এক হাজার চারশ’ ৫৪ কোটি ৫৪ লাখ এবং ভূমি খারিজ করতে একশ’ ৩৬ কোটি ৮১ লাখ টাকা আদায় করছে। অন্যদিকে পুলিশের ক্ষেত্রে দেখা যায়, এফআইআর করতে ৯২ ভাগ থানা গড়ে দু হাজার চারশ’ ৩০ টাকা, জিডি করতে ৯১ ভাগ খানা গড়ে নয়শ’ ৩৯ টাকা, পুলিশ ক্লিয়ারেন্স নিতে ৮০ ভাগ খানা গড়ে আটশ’ ৮১ টাকা এবং ৭১ ভাগ মামলার আসামীকে গড়ে পাঁচ হাজার সাতশ’ ১৮ টাকা ঘুষ দিতে হয়েছে। নিু আদালতের দুর্নীতির ক্ষেত্রে দেখা যায়, খানা পুলিশ চারটি কাজে এক হাজার পাঁচশ’ ৩১ কোটি টাকা আদায় করে। নিু আদালতে ৬৬ ভাগ বাদী গড়ে ছয় হাজার একশ’ ৩৫ টাকা এবং ৬৫ ভাগ বিবাদী গড়ে সাত হাজার সাতশ’ ২৮ টাকা কোর্টের কর্মকর্তা-কর্মচারি, বিচারক ও পিপিদের ঘুষ দিয়েছে। মামলার বাদী ও বিবাদীদের কাছ থেকে নিু আদালতের সাথে জড়িতরা বছরে আনুমানিক দু হাজার ৪২ কোটি টাকা ঘুষ আদায় করেছে।
জরিপে দেখা গেছে, যারা পেনশনের টাকা তুলেছেন তাদের ৭১ ভাগ গড়ে আট হাজার হিসাররক্ষণ অফিসে ঘুষ বাধ্য হয়েছে। তাদের কাছ থেকে বছরে আনুমানিক ৮২ কোটি টাকা আদায় করা হয়। বিদ্যুৎ সংযোগে ৭০ দশমিক চার ভাগ এবং বিল পরিশোধে চার দশমিক তিন ভাগ গ্রাহককে বিদ্যুৎ অফিসে ঘুষ দিতে হয়েছে। শিক্ষা খাতে ভর্তি প্রক্রিয়া, উপবৃত্তির তালিকাভুক্তি এবং অন্যান্য চাঁদা ও ফি হিসেবে কর্মকর্তা-শিক্ষকরা ঘুষ আদায় করে। প্রাথমিক বিদ্যালয়ে ৪০ ভাগ এবং মাধ্যমিক বিদ্যালয়ে ৪৩ ভাগ শিক্ষার্থীকে ভর্তির ক্ষেত্রে ঘুষ দিতে হয়। শতকরা ৫৮ ভাগ খানা স্থানীয় সরকারের বিচার সালিশীতে অনিয়মের অভিযোগ করেছেন। এতে জনপ্রতিনিধিরা বছরে চারশ’ ১৩ কোটি টাকা সালিশ করার জন্য ঘুষ হিসেবে আদায় করে। এছাড়া ত্রাণ কাজের জন্য যারা অন্তর্ভুক্ত হয়েছেন তারা সরকারের নির্ধারিত পরিমাণ থেকে প্রতি বছর গড়ে দুই দশমিক ৮৫ কেজি কম পান।
এছাড়া সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমেদ ও ড. ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন।
