আখাউড়া সীমান্ত: সরকার গঠিত কমিটির সরেজমিন তদন্ত শুরু, উত্তেজনা অব্যাহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিডিআর বিএসএফ এর গুলি বিনিময়ের ঘটনা তদন্তে সরকার গঠিত চার সদস্যের তদন্ত কমিটি বুধবার থেকে সরেজমিন তদন্ত শুরু করেছে।
তবে সীমান্তে উত্তেজনা অব্যাহত ছিল। বিএসএফ ভারী অস্ত্রে সজ্জিত হয়ে বাইনোকুলার হাতে রণসাজে সীমান্ত পাহারা দিচ্ছে।
সীমান্তে অসংখ্য পরিখা খনন করে বিএসএফ অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে। দুদিন ধরে আকাশে মহড়া দিচ্ছে বিএসএফ হেলিকপ্টার। হেলিকপ্টার মহড়ায় আতংকিত সীমান্তবর্তী এলাকাবাসী আবারও গ্রাম ছেড়েছে।
বাংলাদেশ তদন্ত কমিটির নেতৃত্ব দিচ্ছেন যুগ্ম সচিব আনোয়ারুল করিম। অন্য সদস্যরা হলেন: বিডিআর এর লেঃ কর্ণেল এ আর এস জোয়াহেরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এটিএস তারেক।
বুধবার দুপুরে আখাউড়া সীমান্তের হিরাপুর মধ্যপাড়া সরেজমিন পরিদর্শন করেন কমিটির সদস্যরা। তারা সীমান্তের যে স্থানে ত্রিপুরার লংকামোড়া ক্যাম্পের সহকারী কমান্ড্যান্ট ও অন্যান্য বিএসএফ সদস্যদের আহত অবস্থায় পাওয়া গিয়েছিল তা ঘুরে দেখেন। এছাড়া ক্ষতিগ্রস্থ বাড়ি ঘরগুলোও তারা পরিদর্শন করেন।
তারা ঘটনার প্রত্যক্ষদর্শী পাঁচ জনের জবানবন্দি রেকর্ড করেন। নিহত শিশু নাহিদা আক্তারের বাড়িও পরিদর্শন করেন তারা।
কমিটির প্রধান আনোয়ারুল করিম আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আশা ব্যক্ত করেন।
বিএসএফ’র রণসাজ প্রসঙ্গে ৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ কামরুজ্জামান জানান, বিএসএফ হেলিকপ্টার নিয়ে এলাকা রেকি করছে বলে ধারণা করা হচ্ছে। তারা বেশ কয়েকবার আকাশও পথেও সীমানা লংঘন করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে।
বিডিআরকে সতর্কাবস্থায় রাখা হয়েছে বলে তিনি জানান।
হিরাপুর গ্রামের হুমায়ুন কবির জানান, বাড়ি ঘর এখনও ফাঁকা। আতংকের মধ্যে আমরা দিনাতিপাত করছি। ঘরের মহিলাদেরকে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়েছে। ফলে ঘরের চুলা বন্ধ। চিড়া মুড়ি খেয়ে কোন রকমে দিন কাটাচ্ছি।
এদিকে আমদানি রপ্তানিকারকরা নাহিদা হত্যার প্রতিবাদে আখাউড়া স্থল বন্দরে কালো পতাকা টানিয়ে বুধবার থেকে তিন দিনের শোক কর্মসূচি শুরু করেছে। সকালে আখাউড়া উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি বের করা হয়।
