২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার ৬টি গ্রামে বাঘ আতংক

পাবনা শহরতলীর ছয়টি গ্রামে বাঘের হামলায় ১০ জন আহত হয়েছে। গ্রামগুলোতে এখন বাঘ আতংক বিরাজ করছে । শুক্রবার সকালে এলাকাবাসী লাঠি, বন্দুক, সড়কি ও ফালা নিয়ে বাঘ নিধনে বের হলেও বাঘের সন্ধান মেলেনি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তবে জেলা পুলিশ সুপার খোরশেদ আলমের সঙ্গে ঢাকা থেকে টেলিফোনে যোগায়োগ করা হলে বিডিনিউজকে তিনি বলেন, পরিস্থিতি মোটেই অত ভয়ংকর নয়। তিনি জানান, বন জঙ্গল উজার হওয়ার কারণে ছোট আকৃতির মেছো বাঘ প্রায়ই খাদ্যের সন্ধানে বিভিন্ন এলাকায় উৎপাত করে।

তিনি আরও জানান, বেশ কিছুদিন আগে আটঘরিয়া এলাকায় গ্রামবাসী এরকম একটি মেছো বাঘ পিটিয়ে মেরে ফেলে।

বিরল প্রজাতির এই বাঘগুলোকে রক্ষার জন্য প্রশাসনের কোনো উদ্যোগ রয়েছে কি না জানতে চাওয়া হলে এসপি খোরশেদ বলেন, প্রশাসনের উদ্যোগ থাকলেও পুলিশ খবর পাওয়ার আগেই অসচেতনতার কারণে গ্রামবাসী এরকম প্রাণীর সন্ধান পেলেই পিটিয়ে মেরে ফেলে।

এদিকে পুলিশ ও এলাকাবাসীর বরাত দিয়ে পাবনা প্রতিনিধি জানান, গত তিনদিন ধরে সন্ধ্যার পর পরই জঙ্গল থেকে ৪/৫ টি বাঘ শহরতলীর সিংগা, মালঞ্চি, হামিচাপুর, মাহমুদপুর, গাংকোলা ও পাবগোবিন্দপুর গ্রামে ঢুকে পড়ে।

বাঘের হামলায় এখন পর্যন্ত দুই মহিলাসহ ১০ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বেশ কয়েকটি গরু-ছাগল আহত হয়ে পরে মারা গেছে।

এদিকে বাঘ আতংকে গ্রামগুলো প্রায় জনশুন্য হয়ে পড়েছে।