মার্কিন রাষ্ট্রদূত আহমদীয়া সম্প্রদায়ের ওপর হামলার নিন্দা জানিয়েছেন
মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস দেশব্যাপী আহমদীয়া মুসলিম জামাতের ওপর সহিংস আক্রমণের ঘটনার নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রদূত শুক্রবার বকশিবাজারে আহমদীয়া মুসলিম জামাতের মসজিদ পরিদর্শনে যান।
আহমদীয়া মুসলিম জামাতের একটি সূত্র বিডিনিউজকে জানায়, রাষ্ট্রদূত ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে আহমদীয়া সম্প্রদায়ের স্থাপনাগুলোর ওপর যে আক্রমণের ঘটনা ঘটেছে সে সম্পর্কে তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেবেন।
আহমদীয়া সম্প্রদায়ের জাতীয় আমীরের পিএস তৌহিদুল ইসলাম জানান, মার্কিন রাষ্ট্রদূত আমাদের সম্প্রদায়ের ওপর মৌলবাদী আক্রমণের ঘটনায় সমবেদনা জানিয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় আহমদীয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার ওপর নজর রাখছে বলে রাষ্ট্রদূত জানিয়েছেন।
রাষ্ট্রদূত আহমদীয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দকে বলেন, এ ব্যাপারে তিনি বৃহস্পতিবার বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সাথে কথা বলেছেন।
বকশিবাজারে কেন্দ্রীয় মসজিদ পরিদর্শনে গিয়ে রাষ্ট্রদূত আহমদীয়া সম্প্রদায়ের নেতাদের কাছে তাদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রায় এক ঘণ্টার এ আকস্মিক পরিদর্শনের সময় হ্যারি কে টমাস প্রত্যেকের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে মার্কিন নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
মার্কিন রাষ্ট্রদূত শিগগির তার নিজের দেশে যাবেন বলে জানা গেছে।
