ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান চলাকালে নেত্রকোণায় সংঘর্ষে আহত ৬, গ্রেফতার ৫
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে নেত্রকোণায় আয়োজিত ধর্মীয় কর্মসূচি চলাকালে ইসলামের দু’টি ভিন্নœ মতাদর্শের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন রেজুয়ান আহমদ (১৬), মিজানুর রহমান (১৭), আলী সাজ্জাদ হোসেন (১৬), শহীদুল ইসলাম (৯৬), সোহাগ মিয়া (১৬) ও আনোয়ার হোসেন (১৬)। এদের নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাদরিয়া তরিকার অনুসারী ও তবলিগ জামাতের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাদরিয়া তরিকার অনুসারী ৬ জনকে গ্রেফতার করে।
সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা যায়, রেজভিয়া দরবার শরীফের পীর আকবর আলী রেজভী কাদরিয়া তরিকার অনুসারী। তিনি এবং তার অনুসারীরা তাবলিগ জামাতের বিরোধী। গত বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রেজভিয়া মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদিনের নেতৃত্বে একটি মিছিল ঠাকুরকোণার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একই এলাকার একদল এসএসসি পরীক্ষার্থী তিন দিনের তাবলিগ জামাত শেষে বাড়িতে আসছিল। রেজভীর অনুসারীরা এ সময় লাঠিসোটা ও অস্ত্র দিয়ে তাবলিগ জামাতের অনুসারীদের ওপর হামলা চালালে ৬ জন তাবলিগ জামাত অনুসারী আহত হয়।
ঘটনার খবর পেয়ে তাবলিগ জামাত অনুসারী গ্রামবাসীরা রেজভিয়া দরবার শরীফের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশ রেজভীর অনুসারী ৫ জনকে গ্রেফতার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতারকৃতরা হচ্ছে জয়নাল আবেদিন, বাকী বিল্লাহ, শামীম আহমদ, আজিজুল হক ও মো. শাকিল।
