সারা দেশে শান্তিপূর্ণ হরতাল
বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারা দেশে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। চট্টগ্রাম এবং ঘূর্ণিঝড় আক্রান্ত গাইবান্ধা জেলা হরতালের বাইরে ছিল।
সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টা ঢাকায় শান্তিপূর্ণভাবেই হরতাল হয়েছে।
আন্তর্জাতিক ইসলামি সম্মেলন অনুষ্ঠানের কারণে চট্টগ্রাম এবং ত্রাণ পরিবহনের সুবিধার্থে গাইবান্ধা জেলাকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ অনুষ্ঠানের সুবিধার্থে ঢাকার হরতাল কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে।
হরতাল চলাকালে দিনের প্রথমার্ধে যুব মহিলা লীগের মিছিলে পুলিশ আক্রমণ চালায়। এছাড়া আর কোথাও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। রাজধানী বিভিন্ন এলাকা থেকে পুলিশ ২০ জনের বেশি পিকেটারকে গ্রেফতার করেছে।
এদিকে সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সকালে বাজার স্টেশন এলাকা হরতাল সমর্থকদের একটি মিছিলে পুলিশ লাঠি চার্জ করে। এতে অন্তত ১০ জন আওয়ামী লীগ কর্মী আহত হয়। আহতদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক আওয়মী লীগ কর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ বাজার স্টেশন এলাকায় আওয়ামী লীগের মিছিলে বাধা দেয় এবং মিছিলকারীরা পুলিশি বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে।
হরতাল চলাকালে শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মলগুলো এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান হরতালের সময় বন্ধ ছিল। তবে সরকারি প্রতিষ্ঠানগুলো যথারীতি খোলা ছিল।
হরতালের সময় রাজধানীতে উল্লেখযোগ্য সংখ্যক বাস চলাচল করে।
রাজধানীতে পুলিশের লাঠিচার্জে বেশ কিছু লোক আহত হয়েছে। পুলিশের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে চাইলে সকাল দশটায় পুলিশ যুব মহিলা লীগের মিছিলটিকে ছত্রভঙ্গ করে দিতে লাঠিচার্জ করে।
এতে ১০ জন কর্মী আহত হয় এবং পুলিশ ছয় জনকে গ্রেফতার করেছে।
আওয়ামী লীগের সংসদ সদস্যরা সংসদ ভবন থেকে একটি মিছিল বের করেন এবং রাসেল স্কয়ারে সমাবেশ করেন। মিছিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহম্মদ নাসিম, বিরোধী দলীয় চিফ হুইপ অধ্যক্ষ আব্দুস শহীদ এবং শাহজাহান খান এমপি অংশ নেন।
হরতালের কারণে বাংলাদেশ বিমানের ঢাকা বরিশাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
মানিকগঞ্জ, সিলেট, গোপালগঞ্জ ও খুলনা জেলা থেকে বিডিনিউজ প্রতিনিধিরা শান্তিপূর্ণ হরতাল পালনের খবর জানান। হরতাল চলাকালে পুলিশ গোপালগঞ্জ থেকে ২ জনকে আটক করে। এদিকে সিলেট শহরে হরতালের পক্ষে ও বিপক্ষে মিছিল হয়।
