২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. গালিবের মুক্তির দাবিতে লিফলেট: যশোরের এমএম কলেজে উত্তেজনা চরমে

যশোর এমএম কলেজের এক শিক্ষকের কক্ষ থেকে ড. গালিবের মুক্তির দাবি সম্বলিত লিফলেট পাওয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

কলেজ শিক্ষকদের এক সভায় বৃহস্পতিবার এ নিয়ে আলোাচনাও হয়েছে। জড়িত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো শনিবার থেকে আন্দোলন সংগ্রামের কর্মসুচি ঘোষণা করবে বলে জানা গেছে।

ছাত্রনেতাদের সূত্রে জানা যায়, সোমবার কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক এমদাদুল হকের টেবিলের পাশে ১০/১২ টি লিফলেট পাওয়া যায়। লিফলেটে লেখা ছিল, জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের সিপাহশালার, প্রথিতযশা আলেম, দেশবরেণ্য শিক্ষাবিদ, আরবি বিভাগের অধ্যাপক ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের আমির ড. মুহম্মদ আসাদুল্লাহ আল গালিবসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সোচ্চার হোন।

কলেজের অধ্যক্ষ জানান, এসব সংগঠনের কোন কাগজপত্র কারও কাছে রাখা যাবে না। যদি তার বিরুদ্ধে এসব অভিযোগ প্রমাণিত হয়, তবে সরকারি চাকরিবিধি অনুযায়ী যা করা দরকার তা করা হবে বলে অধ্যক্ষ জানান।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি ৭ এপ্রিলের মধ্যে অধ্যক্ষের কাছে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে।

এদিকে ছাত্রমৈত্রী, ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা জানান, অধ্যাপক এমদাদ এ অঞ্চলের জঙ্গিবাদী সংগঠনের গুপ্তচর। একজন সরকারি কর্মকর্তার কাছে এ ধরনের কাগজপত্র থাকা সেটিই প্রমাণ করে। ঘটনার সুষ্ঠু বিচার না হলে তারা ঐক্যবদ্ধ আন্দোলনে নামবেন বলে জানান।

লিফলেট উদ্ধার বিষয়ে সহযোগী অধ্যাপক এমদাদুল হক জানান, লিফলেট তার কাছে ছিল না। এ ঘটনার সাথে তিনি জড়িত নন।