যাত্রাবাড়ী ফ্লাইওভার প্রকল্পে অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন মেয়র
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার প্রকল্পে সব ধরণের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, ফ্লাইওভার নির্মাণকালে বা নির্মাণের পরও এর নীচের সড়ক দিয়ে কোনো রকম টোল আদায় করা হবে না। এ ধরণের কোনো প্রস্তাবও অনুমোদন হয়নি।
বৃহস্পতিবার নগর ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন।
মেয়র সাদেক হোসেন খোকা জানান, উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে টেকনিক্যাল অফার গ্রহণ করা হয়। প্রথম দফায় ১৮টি দরপত্র বিক্রি হলেও জমা পড়ে মাত্র পাঁচটি। পরে আবারও দরপত্র আহ্বান করা হলে নতুন তিনটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।
এর মধ্যে বাছাই করে নেদারল্যাণ্ড ও সংযুক্ত আরব আমিরাতের দুটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। তাদের কাজ দেওয়ার আগে বিভিন্ন কমিটিতে যাবতীয় কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বিভিন্ন তৎপরতার খতিয়ান তুলে ধরেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, প্রায় ৩৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধিন সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এ ফ্লাইওভারটিও হাইওয়ের অংশ। এজন্য টোল ধরা হয়েছে সর্বনিু। মাত্র ৩৫ টাকা হবে এর টোলচার্জ, যা ধলেশ্বরী সেতুর চেয়েও পাঁচ টাকা কম।
