বিরোধী দলের ডাকে হরতাল পালিত হচ্ছে
জোট সরকারের অবিলম্বে পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলো সারাদেশে হরতাল কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ (মো) দেশব্যাপী এই সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। তবে রাজধানীতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হবে। বন্দরনগরী চট্টগ্রাম এবং টর্নোডো কবলিত গাইবান্ধা হরতালের আওতামুক্ত থাকবে।
যুব মহিলা লীগের একটি মিছিলে পুলিশের বাধা দেয়া ছাড়া রাজধানীতে এখনও পর্যন্ত হরতাল চলাকালীন বড় কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ হরতাল চলাকালীন চার পিকেটারকে গ্রেপ্তার করে।
শিক্ষা প্রতিষ্ঠান এবং অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে । সরকারি অফিস -আদালত চললেও বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। রাজধানীতে বাস চলাচল করছে।
