তসলিমার ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত সিদ্ধান্ত ঝুলে আছে
ভারত সরকার আমার নাগরিকত্বের আবেদনে সাড়া না দিলেও স্থায়ীভাবে ভারতে বসবাসের অনুমোদন দেবে বলে আশা করছি।” বাংলাদেশের নারীবাদি লেখিকা তসলিমা নাসরিন বুধবার এ কথা বলেছেন।
তিনি বলেন, আমি এখনও ভারতীয় নাগরিকত্বের আশা ছাড়িনি। যেহেতু আমি ভারতে ১১ বছর ধরে বাস করছি তাই আমাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া উচিত।
তার ভিসার মেয়াদ বাড়ানোর আবেদনের ব্যাখ্যা জানতে চেয়ে পশ্চিমবঙ্গের সরকার এবং নিরাপত্তা এজেন্সির কাছে বারবার কেন্দ্রীয় সরকার জিজ্ঞাসা করে আসছে।
গতমাসে তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তসলিমা ফেব্র“য়ারির ১৪ তারিখে ভারতীয় নাগরিকত্ব অথবা স্থায়ীভাবে বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেন।
তিনি বলেন, তিনি তার টুরিস্ট ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর আবেদন করেছেন।
তিনি আশা করছেন পশ্চিমবঙ্গ সরকার নয়া দিল্লির বার বার ব্যাখ্যা চাওয়ার উত্তরে ইতিবাচক সাড়া দেবে।
এর আগে ভারত সরকার তসলিমার নাগরিকত্ব দেওয়া হবে না এ সংক্রান্ত প্রকাশিত খবরের কথা অস্বীকার করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তাকে ছয় মাসের মাল্টিপল ভিসা দেওয়া হয়েছে। তবে সরকার এখনও এই বাংলাদেশী লেখিকার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি।
