সম্পত্তি নিবন্ধন আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে
সংসদে পাশ হওয়া এবং গত বছর ৭ ডিসেম্বর সরকারি গেজেট হিসেবে প্রকাশিত সংশোধিত সম্পত্তি নিবন্ধন আইনটি আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বুধবার বলেন, নতুন আইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত মামলার সংখ্যা কমে আসবে।
তিনি বলেন, ১০ লাখ ফৌজদারি ও দেওয়ানি মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে। মামলাগুলোর ৭০ শতাংশই ভূমি সংক্রান্ত। মামলার এই জট কমিয়ে আনার জন্যই সরকার এ আইন সংশোধন করেছে। আইনটি কার্যকর হলে ভূমির মালিকানা হস্তান্তর এবং ভূমি ব্যবস্থাপনা সহজ ও স্বাভাবিক হয়ে আসবে এবং তা আরও স্বচ্ছ হবে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে বুধবার বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত বছর সরকারের রাজস্ব আয় ছিল ১৪ হাজার কোটি টাকা যা আগের বছরের তুলনায় দুই শ কোটি টাকা বেশি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
