২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিসম্পদ মন্ত্রনালয়ের ৫৬টি প্রকল্পে কাজের ৪১ দশমিক ৮৫ ভাগ বাস্তব লক্ষ্যমাত্রা অর্জিত

পানিসম্পদ মন্ত্রণালয়ের ২০০৪-০৫ অর্থবছরে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর কাজের শতকরা ৪২ ভাগ বাস্তব লক্ষ্যমাত্রার মধ্যে ৪১ দশমিক ৮৫ এবং আর্থিক লক্ষ্যমাত্রা শতকরা ৪২ এর বিপরীতে ২৯ দশমিক ৫৮ ভাগ অর্জিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

পানিসম্পদ মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম’র উপস্থিতিতে বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এডিপি পর্যালোচনা সভায় এ তথ্য জানান হয়। খবর তথ্য বিবরণীর।

সভায় আরও জানানো হয়, এডিপিভুক্ত এই ৫৬টি প্রকল্প ২৮ ফেব্র“য়ারি, ২০০৫ পর্যন্ত বাস্তবায়নাধীন। এগুলোর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৪৯টি এবং কারিগরি সহায়ক প্রকল্প সাতটি। এই প্রকল্পসমূহে বরাদ্দের পরিমান সাতশ ৩৪ কোটি ২১লাখ টাকা।

দেশের সীমান্ত এলাকার নদীভাঙ্গন রোধকল্পে সভায়  বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী বলেন, দেশের ভূ-খন্ডকে রক্ষার জন্য জরুরি ভিত্তিতে যে কোনও কার্যক্রম বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডকে সদা প্রস্তুত থাকতে হবে।

মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শরীফ রফিকুল ইসলাম, মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হাবিব উল্লাহ মজুমদার, হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনামুল হক, যৌথ নদী কমিশনের সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন জোনের প্রধান প্রকৌশলী ও বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।