২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটির নানিয়াচরে এক সপ্তাহে ২ জন খুন, ২২ জন অপহৃত, ৩ জন আহত

পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় গত এক সপ্তাহে হত্যা ও অপহরণের ঘটনায় দুজন নিহত, তিনজন আহত ও ২২জন অপহৃত হয়েছে। এসব ঘটনার জন্য পার্বত্য শান্তিচুক্তির পক্ষ ও বিপক্ষের পাহাড়ি গ্র“পগুলোর পরস্পরকে দোষারোপ করছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

গত শনিবার নানিয়ারচরের পাঁচটি গ্রাম থেকে অপহৃত হওয়া ১৪ জন আদিবাসী পাহাড়ি তিন দিন পরও উদ্ধার হয়নি। অপহরণকারীরা অপহৃতদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে। স্থানীয় সূত্র জানায়, অপহৃতরা সকলে চুক্তি বিরোধী ইউপিডিএফ’র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) সমর্থক হিসেবে পরিচিত।

নানিয়ারচর থানার পুলিশ জানায়, অপহরণের ঘটনা সম্পর্কে তারা অবহিত ঠিকই। কিন্তু এক সপ্তাহে কতজন অপহৃত হয়েছে, তাদের রাজনৈতিক পরিচয়ই বা কি, এ সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নেই।

ইউপিডিএফ নেতারা অপহরণের ঘটনার জন্য শান্তিচুক্তি পক্ষীয়দের দায়ী করলেও তারা ওই অভিযোগ অস্বীকার করে অপহরণের জন্য পাল্টা ইউপিডিএফ’র বিরুদ্ধে অভিযোগ এনেছে।

গত ২৩ মার্চ নানিয়ারচরের খুইল্যাং পাড়া নামক স্থান থেকে একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে আটজন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণের বিনিময়ে পরে তাদের মুক্তি ঘটে।

গত ২০ মার্চ রাঙ্গামাটির কুতুকছড়ি বাজারে একদল সন্ত্রাসী ব্রাশ ফায়ার করে শুভলং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিরো কুমার চাকমাকে হত্যা করে। ওই সময় সশস্ত্র দলটি পার্শ্ববর্তী একটি গ্রামে হামলা চালিয়ে তিনজনকে আহত করে।

২৫ মার্চ ইউপিডিএফের অন্তর্দলীয় কলহে কুতুকছড়িতে খুন হন জেলা কমিটির তথ্য ও প্রচার সম্পাদক আশিষ চাকমা, ওরফে পরাক্রম।