জনপ্রিয় কন্ঠশিল্পী মিলু আর নেই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কন্ঠশিল্পী খালিদ হাসান মিলু আর নেই। তিনি সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর মনোয়ারা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। মিলুর মরদেহ মনোয়ারা হাসপাতাল থেকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিলুর অকাল মৃত্যুতে সংস্কৃতি অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি লিভার সিরোসিসে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ২৩ মার্চ মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়।
কন্ঠশিল্পী মিলু স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং অসংখ্য ভক্ত রেখে গেছেন। সকলে তার আত্মার মাগফেরাত কামনা করেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
খালিদ হাসান মিলু অনেক দিন ধরে মস্তিষ্কে রক্তক্ষরণ এবং অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তিনি গত বছর ব্যাংককে গিয়েছিলেন।
