শোয়েব চৌধুরীর মামলায় ঢাকার ডিসিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তারকৃত সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে কেন জামিন দেওয়া হবেনা তার কারণ জানতে চেয়ে সোমবার হাইকোর্ট ঢাকার ডেপুটি কমিশনারের ওপর একটি রুল জারি করেছে।
সালাউদ্দিন শোয়েব চৌধুরীর পক্ষের আবেদন শোনার পর বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি শামীম হাসনাইনের সমন্বয়ে গঠিত হাই কোর্টের একটি বিভাগীয় বেঞ্চ এ আদেশ দেন।
জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ ২০০৩ সালের ২৯ নভেম্বর ইসরাইলে অনুষ্ঠিত সেমিনারে যোগদানের প্রাক্কালে সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে গ্রেপ্তার করে। ২০০৪ সালের ২৪ জানুয়ারি বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়। এর আগে আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেন।
আবেদনকারীর পক্ষে ব্যারিষ্টার শফিক আহমেদ ও এডভোকেট হাফিজুল আলম এবং সরকারের পক্ষে অতিরিক্ত এটর্নী জেনারেল আব্দুর রাজ্জাক খান মামলা পরিচালনা করেন।
