২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআই’র আগমনকে স্বাগত জানালেন আসমা কিবরিয়া

আসমা কিবরিয়া এফবিআই’র অধীনে গ্রেনেড হামলার একটি স্বাধীন, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। সোমবার এক বিবৃতিতে সাবেক অর্থমন্ত্রি শাহ এএমএস কিবরিয়ার হত্যাকান্ডের তদন্তের বিষয়ে তিনি তার পূর্বের অবস্থানকে পুর্নব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তিনি বলেন, তদন্ত সম্পূর্ণ হলে তদন্ত রিপোর্টটি অবশ্যই জনসম্মুখে প্রকাশ করতে হবে। অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।

তিনি আরও বলেন, পত্রিকা মাধ্যমে জেনেছি যে আমার স্বামীর হত্যা তদন্তে এফবিআই’র একটি দল শেষ পর্যন্ত দেশে এসেছে। দেরিতে হলেও তাদের আগমনকে আমরা স্বাগত জানাই। তাদের উপস্থিতি স্থানীয় তদন্তকারীদের সাহায্যে আসবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

এই মামলায় সরকারের কর্মকাণ্ডকে বিরক্তিকর উল্লেখ করে তিনি বলেন, আমরা শুনেছি যে মামলাটি পরিচালনা করছে দ্রুত বিচার ট্রাইবুনাল। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের রক্ষা করার লক্ষ্যে কোনও অসম্পূর্ণ তদন্ত আমাদের কাছে গ্রহনযোগ্য নয়।

আসমা কিবরিয়া বলেন, আমার স্বামীর হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তারা যদি ক্ষমতাসীন দলেরও হয়, চার্জশীটে অবশ্যই তাদের নাম থাকতে হবে।

তিনি বলেন, আমরা সংবাদপত্র পড়ে জেনেছি যে, হত্যাকান্ডের প্রধান আসামী কাইয়ূম নির্দেশদাতাদের নাম বলে দিতে পারে এই ভয়ে তাকে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার অনমতি দেয়া হয়নি।

আসমা বলেন, আমি এর আগেও সতর্ক করে দিয়ে বলেছি যে, তাকে (কাইয়ূম) এবং অন্যদের সরকারি কাস্টডিতে রহস্যজনকভাবে মেরে ফেলা হতে পারে। আমার স্বামীর হত্যাকারীদের রক্ষা করতে এ ধরনের প্রচেষ্টা অবশ্যই প্রতিরোধ করতে হবে।

তার স্বামীর হত্যার সঠিক ও পূর্ণাঙ্গ তদন্তে পরিবারের সদস্যরা বিভিন্ন পর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

কিবরিয়া হত্যার প্রতিবাদে তারা স্বাক্ষর সংগ্রহসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তাদেরকে আগামী ৩১ মার্চ বিকেল ৪টায় মানিক মিয়া এভিনিউতে জমায়েতের অনুমতি দিয়েছে।

তিনি বলেন, যারা দেশের সংঘাতপূর্ণ রাজনৈতিক অবস্থার সমাধান চান আমি তাদেরকে শান্তির জন্য নীলিমা কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানাই। যারা নীল পোষাক পড়ে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে আসবেন আমি তাদের সকলকে স্বাগত জানাই।