২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মধ্যরাতে গণডাকাতি: পুলিশের সঙ্গে সংঘর্ষে সন্ত্রাসী নিহত

ঢাকার শ্যামপুরে রোববার দিবাগত মধ্যরাতে গণডাকাতিকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে কাওসার নামে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত অবস্থায় ধরা পড়েছে তার অপর দুই সহযোগী। এ ঘটনায় পুলিশ কনস্টেবল দাউদ আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পুলিশ তাদের কাছ থেকে ৫ টি তাজা বোমা, ২ টি ছোরা এবং ছিনতাই করা ২ টি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করেছে।

শ্যামপুর থানা পুলিশ বিডিনিউজ’কে জানায়, রাত সাড়ে ১১ টার দিকে কুখ্যাত সন্ত্রাসী কাওসারসহ ১৫/১৬ জনের একটি ডাকাত দল পূর্ব জুরাইনের আলম মার্কেটের পূর্ব দিকে, বৌ বাজার ১ নম্বর সড়কে অস্ত্রের মুখে দোকানপাট ও রাস্তায় পথচারীদের মাঝে গণলুট চালায়।

সংবাদ পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি করে পালানোর চেষ্টা করে। পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে পাল্টা গুলি চালালে কাওসার নিহত হয়। তার দুই সহযোগী ইমন ও কাদেরকে পুলিশ আহত অবস্থায় গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়।

নিহত কাওসার ওই এলাকার বাসিন্দা শুক্কুর আলীর পুত্র। সে একাট কুখ্যাত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের নেতা বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে লাবু ও দিলবাহার হত্যা-মামলাসহ কমপক্ষে ৫ টি মামলা রয়েছে।

কাওসারের নিহত হওয়ার সংবাদে মধ্যরাতেই বৌ বাজার ও আলম মার্কেট এলাকার শত শত মানুষ রাস্তায় নেমে এসে উল্লাস করে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।