২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মধুপুরে আদিবাসী পরিবারে চাঁদাবাজদের সশস্ত্র হামলা : পাঁচজন আহত, ব্যাপক তাণ্ডব

জেলার মধুপুরের বাগাডোবা গ্রামে একদল সশস্ত্র সন্ত্রাসী চাঁদাবাজ একটি আদিবাসী গারো সম্প্রদায়ের পরিবারের ওপর হামলা চালিয়ে নারী ও শিশুসহ পাঁচজনকে গুরুতর আহত করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে সন্ত্রাসীরা প্রকাশ্যে ওই পরিবারের বাড়িঘরে টানা চার ঘন্টা ধরে ভাঙচুর লুটপাট করে। এক লাখ টাকা চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ওই হামলা চালায়।

জানা যায়, বেলা ১২টার দিকে অভিযুক্ত সন্ত্রাসী অ্যান্থনী, জীনেন, জিন্নাহ, মিরনী, মিথিল, রবিন, রহিমা, প্রনয়সহ ৩০/৩৫ জনের একটি দল রড ও লাঠিশোটা নিয়ে সাবিত্রী হাগিদকের বাড়িতে হামলা চালায়।

তারা পরিবারটির সদস্যদের ব্যাপক মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে। গ্রামবাসী ভয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করতে এগিয়ে যেতে পারেনি বলে জানা যায়।

এতে শিশু সাধন (১২), সাবিত্রী (৪০), তার ভাই মিশেল (৪৫), থন্সেন (৪২) ও বোন মজিলা (৫৫) গুরুতর আহত হয়।

এ বিষয়ে মধুপুর থানায় মামলা হয়েছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।