২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপকথার জাদুকর অ্যান্ডরসনের দ্বিশতবার্ষিকীতে সাংস্কৃতিক উৎসব

রূপকথার জাদুকর হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের দ্বিশতবার্ষিকী উদ্যাপনে বিশ্বব্যাপী আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ-ডেনমার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বাংলাদেশ শিল্পকলা একাডেমি এক প্রেসবিজ্ঞপ্তিতে রোববার জানায়, শিল্পকলা একাডেমি ও ডেনিশ দূতাবাসের সহায়তায় সংস্কৃতি মন্ত্রণালয় এ দ্বিশতবার্ষিকী উপলক্ষ্যে মার্চ ও এপ্রিল জুড়ে পুস্তক প্রকাশ, শাস্ত্রীয় সঙ্গীত, নাটক ও পুতুলনাচের আয়োজন করেছে।

এ উপলক্ষ্যে ২ এপ্রিল হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রূপকথার দুটি নির্বাচিত অনুবাদ সংকলন প্রকাশ করছে গুলশান এভিনিউয়ের বইয়ের দোকান ইলেক্ট্রা। প্রকাশনা দু’টির একটিতে আছে ১২টি এবং অন্যটিতে ৫০টি রূপকথা।

আগামী ৭ ও ৮ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সৈয়দ মঞ্জুরুল ইসলামের নাট্যরুপে ‘থিয়েটার নাটক সরণি’ অ্যান্ডারসনের রূপকথার নাট্যরূপ ‘রাজার নতুন পোশাক’ মঞ্চস্থ করবে।

অ্যান্ডারসনের রূপকথা ‘কুৎসিত হাসের ছানা’ এবং ‘দ্য নাইটিঙ্গেল’ অবলম্বনে মোস্তফা মনোয়ারের পুতুল নাচ প্রদর্শিত হবে ১০ এপ্রিল শিল্পকলা একাডেমির এক্সপিরিমেন্টাল থিয়েটারে। স্কুল পড়–য়া শিশুদের কথা বিবেচনা করে প্রদর্শনী দিনের বেলায় আয়োজন করা হয়েছে এবং তা সবার জন্য থাকবে উন্মুক্ত ।

১২ এপ্রিল ব্রিটিশ কাউন্সিল ডেনিশ সিনেমা ‘মোভ মি’-র প্রদর্শনী করবে।

এছাড়া ডানিডার সাহায্যপুষ্ট কুমিল্লার একটি প্রকল্পের পক্ষ থেকে ৪ এপ্রিল শিল্পকলা একাডেমিতে নাটকের আয়োজন করা হয়েছে।

ডেনিশ শাস্ত্রীয় সঙ্গীতের মিলিত উপস্থাপনা নোরড্লিস (নরদার্ন লাইটস) ইতিমধ্যেই বাংলাদেশী দর্শক-শ্রোতার প্রশংসা কুড়িয়েছে।