নরসিংদী, কুমিল্লা ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত
তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার নরসিংদী, কুমিল্লা ও মানিকগঞ্জ জেলায় মোট ছয় জন নিহত হয়েছে।
নরসিংদী প্রতিনিধি জানান, সদর উপজেলার বাগবাড়ি নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে কাঠ বোঝাই একটি পিক আপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিক আপের তিনজন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। নিহতরা হচ্ছে, মনসুর (৩৫), জামাল (৩০) ও কামরুল (২০)।
নিহতদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভোলাবো গ্রামে।
কুমিল্লা প্রতিনিধি জানান, লালমাই-এ কুমিল্লা-নোয়াখালী সড়কে একটি দ্রুতগামী বাস বাঁশ বোঝাই একটি ঠেলা গাড়িকে চাপা দিলে ঠেলাগাড়ি চালক রবিউল (২৮) ও এরশাদ (২৭) ঘটনাস্থলেই মারা যায়। বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর নামক স্থানে শনিবার বাসের ধাক্কায় ওয়াকিল উদ্দিন(৪৫) নামে এক রিকশা আরোহী নিহত এবং রিকশার চালক গুরুতর আহত হয়েছে। নিহত ওয়াকিল উদ্দিনের বাড়ি সদর উপজেলার চান্দইর গ্রামে।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আনন্দ পরিবহনের দ্রুতগামী বাসটি উক্ত স্থানে রিকশাটিকে ধাক্কা দিলে ওয়াকিল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত রিকশাচালককে আশংকাজনক অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাতক বাসটিকে পাটুরিয়া ঘাটে আটক করা হয়।
