টাঙ্গাইলে বিএনপি নেতার কাণ্ড
প্ল্যান বহির্ভূত দোকান নির্মানে বাধা দিলে জেলার পৌরসভা চেয়ারম্যানের ওপর চড়াও হওয়ায় উত্তেজিত জনতা গণপিটুনি দিয়েছে স্থানীয় বিএনপি নেতা ছানোয়ার হোসেনকে। এ ঘটনার জের হিসেবে সানোয়ারের সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন দু’জন কমিশনার।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শহরের পাঁচ আনী বাজারের মসজিদ রোডের সুজন কুমার বসাকের ভবন ক্ষতি করে অবৈধভাবে দোকান নির্মান করছিলেন বিএনপি নেতা ছানোয়ার হোসেন। এ সময় পৌর কমিশনার সাইফুজ্জামান সোহেল বাধা দেন। এরপরও নির্মান কাজ বন্ধ না করলে পৌর চেয়ারম্যান জামিলুর রহমান মিরন ছানোয়ারকে নির্মান কাজ বন্ধের নির্দেশ দেন।
এতে ক্ষিপ্ত হয়ে ছানোয়ার চেয়ারম্যান মিরনকে লাঞ্ছিত করে। এসময় স্থানীয়রা ছারোয়ারকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে এবং চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে বিএনপি শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় উত্তেজিত কর্মীরা মিছিলের পাশ দিয়ে হেটে যাওয়া কমিশনার সাইফুজ্জামান ও নুরুল আলমকে মারধর করে। সাইফুজ্জামান এবং নুরুল আলমকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পৌর চেয়ারম্যান বাদী হয়ে থানায় একটি মামালা দায়ের করেছেন।
