রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক পুনর্মিলনী অনুষ্ঠানে ক্যাম্পাসে তাদের ক্যাম্পাস জীবনের সোনালী দিনগুলোকে স্মরণ করলেন।
রাবি’র প্রাক্তন ছাত্রদের উদ্যোগে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে আসা সাবেক ছাত্ররা নানা সুখস্মৃতি রোমন্থন করতে করতে ফিরে গেলেন তাদের ক্যাম্পাস জীবনে। পুনিমির্লনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রফেসর ড.জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, প্রাক্তন ছাত্ররা তাদের অবদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাবেক তথ্যমন্ত্রী প্রফেসর আবু সায়িদ, সাবেক মন্ত্রী সরদার আমজাদ হোসেন এবং বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর সভাপতি ও সাাধারণ সম্পাদকদের মধ্যে হাফিজুর রহমান চন্দন ও সুব্রত চৌধুরি।
পুরোনো দিনের কথা স্মরণ করতে গিয়ে সাবেক একজন ছাত্র বলেন, আমরা বিশ্ববিদ্যালযের প্রথম ব্যাচের ছাত্র ছিলাম। তখনও বিশ্ববিদ্যালয়ে কোন আবাসিক হল গড়ে ওঠেনি। আমরা ছাত্ররা ক্যাম্পাসের মেঝেতেই ঘুমাতাম। প্রাক্তন ছাত্রদের মধ্যে অনেকেই এ সময় মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালযের ছাত্রদের সাহসিকতাপূর্ণ অবদানের কথা স্মরণ করেন । অনেকেই অবার স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথাও স্মরণ করেন। ফেলে আসা সোনালী দিনগুলোর কথা মনে করে অনেক ছাত্র-ছাত্রীই এ সময় স্মৃতিকাকতর হয়ে উঠেন।
