২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা মূল্যহীন: আইন প্রতিমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, সাংবাদিকতা যখন পক্ষপাতদুষ্ট হয়ে বিশেষ ব্যক্তি বা মহলের উদ্দেশ্য সাধন করে, তখন তার আর কোনো মূল্য থাকে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

পিআইবি মিলনায়তনে বৃহস্পতিবার ‘ট্রেনিং অব ট্রেনার্স’ কোর্সের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেনমার্ক দূতাবাস ও ড্যানিডা’র সহযোগিতায় এবং পিআইবি’র ব্যবস্থাপনায় ডেনিস স্কুল অব জার্নালিজম সাংবাদিকতা বিষয়ক এই কোর্সটি পরিচালনা করে।

ঢাকাস্থ ডেনিস রাষ্ট্রদূত নিয়েলস সেভেরিন মুঙ্ক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, এটা খুব-ই দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে সাংবাদিকরা প্রায়শঃ পক্ষপাতহীন থাকতে পারেন না। তিনি বলেন, মুক্ত সাংবাদিকতা সুশাসন ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে সহযোগিতা করতে পারে।

ডেনিস রাষ্ট্রদূত বলেন, বিশ্ব জুড়েই আজ সাংবাদিকদের অধিকার ব্যাপকভাবে লংঘিত হচ্ছে।

বাংলাদেশে সংবাদমাধ্যম ও বিচার ব্যবস্থার সাম্প্রতিক সম্পর্কের পাশাপাশি তিনি দু’ দেশের পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন।

কোর্সে অংশগ্রহনকারীদের পক্ষ থেকে মীর মাসরুর জামান এবং রেজওয়ানা নূর বক্তব্য রাখেন।