অসম্পূর্ণ ফ্লাইওভার জনগণকে পূর্ণ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত করবে: সাবের
আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বলেছেন অবশেষে যানবাহন চলাচলের জন্য খিলগাঁও ফ্লাইওভার চালু করা হলেও এর অসম্পূর্ণ অংশ জনগণকে পূর্ণ সুবিধা প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।
বুধবার ফ্লাইওভারটি উদ্বোধনের আগে ঢাকা-৬ আসনের (মতিঝিল-সবুজবাগ-খিলগাঁও) সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী তার বাসভবনে প্রেস ব্রিফিং-এ বলেন, যদি জনগণের ভোটে আওয়ামী লীগ পুনরায় নির্বাচিত হয় তাহলে ফ্লাইওভারটির অসম্পূর্ণ অংশের কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, ফ্লাইওভারের অসম্পূর্ণ কাজ শেষ হলে খিলগাঁও এবং নিকটবর্তী এলাকার জনগণ এর সুবিধা ভোগ করবে।
সাবের চৌধুরী বলেন, ফ্লাইওভারটির নকশা একাধিকবার পরিবর্তন করা হয়েছে। এর ফলে ফ্লাইওভারে একটি গুরুত্বপূর্ণ ত্র“টি ধরা পড়ে এবং লেনের প্রস্থ ১৫ মিটার থেকে ১৪ মিটারে কমিয়ে আনা হয়। এতে ফ্লাইওভারের ওপর দিয়ে যানবাহন চলাচল ঝুকিপূর্ণ হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
ফ্লাইওভার থেকে একটি লুপ বাদ দেয়ার ফলে খিলগাঁও ও পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে রামপুরা, চৌধুরীপাড়া, মেরাদিয়া ও তিলপাপাড়ার বসবাসকারী প্রায় ৮ লাখ লোক দ্রুত মতিঝিলে যাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হবেন।
তিনি আরও বলেন, ফ্লাইওভারটির মূল নকশাটি স্থানীয়ভাবে প্রণয়ন করা হয়। ওই নকশায় ফ্লাইওভারের ওপর সহজে যানবাহন চলাচলের জন্য কোন ট্রাফিক সিগনালের ব্যবস্থা রাখা ছিল না।
তিনি বলেন, নির্ধারিত সময়ের প্রায় ২০ মাস পর ফ্লাইওভারটি চালু করা হলো। দীর্ঘ সময় ধরে ফ্লাইওভারটির নির্মাণ কাজ চলায় গত তিন বছর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
রাজনৈতিক সদিচ্ছার অভাব, সন্ত্রাসী চক্রের দ্বারা চাঁদা আদায় ও নকশায় বারবার পরিবর্তন প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়াকে শ্লথ করে দেয়।
তবে সাবের চৌধুরী বলেন, “আমরা আনন্দিত যে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ হয়েছে। যদি মূল নকশা অনুযায়ী এর নির্মাণ কাজ শেষ হতো তাহলে আমরা আরও খুশী হতাম।”
