মুক্তিযুদ্ধে আদিবাসীদের অবদানের কথা স্বীকার করা হয় না : আলোচনা সভায় বক্তাদের অভিমত
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, এদেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা সশস্ত্র সংগ্রামে অংশ নেয়াসহ বিভিন্নভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু আদিবাসী মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্বীকার করা হয়নি। দু একটি বই ছাড়া কোথাও আসেনি আদিবাসী জনগণের অবদানের কথা।
বুধবার সিরডাপ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধে আদিবাসী : উপেক্ষিত ইতিহাস’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী অধিকার আন্দোলন, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কালেক্টিভ, ওয়ার্কিং জার্নালিস্ট ফর ইনডিজিনিয়াস কমিউনিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক আফসান চৌধুরী। আলোচনায় অংশ নেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা), প্রমোদ মানকিন, কামরুল হাসান ভূঁইয়া, হামিদুল হোসেন তারেক বীর বিক্রম, আনিসুল হক, সঞ্জিব দ্রং। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মেসবাহ কামাল।
জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে আদিবাসীরা ওতপ্রোতভাবে জড়িত ছিল। প্রতিরোধ সংগ্রামেও তারা অংশ নেয়। কিন্তু পরবর্তীকালে তৎকালীন ডিসি এইচ টি ইমাম ও আওয়ামী লীগ নেতা শহীদুর রহমানের ষড়যন্তের কারণে আদিবাসীরা যুদ্ধে অংশ নিতে পারেনি।
প্রমোদ মানকিন বলেন, উত্তর ময়মনসিংহ অঞ্চলের গারো, হাজং, কোচ, ডালু জাতিসত্বার মানুষ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়। সেই অঞ্চলের প্রায় দেড় হাজার গারো যুবক মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তিনি আরও জানান, যুদ্ধে অংশ নেয়ার জন্য সেখানে আদিবাসীরা হত্যা, ধর্ষণ, লুটসহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছিল।
৭ নং সেক্টরের মুক্তিযোদ্ধা হামিদুল হোসেন তারেক বীর বিক্রম জানান, ৭ নং সেক্টরে একটি সাঁওতাল প্লাটুন ছিল। তিনি আরও বলেন, বাঙালি যোদ্ধাদের চেয়ে সাঁওতাল যোদ্ধারা বেশি সাহসী ছিল, আনুগত্বও বেশি ছিল।
কথা সাহিত্যিক আনিসুল হক জানান, ১৯৭১ সালের ২৮ মার্চ বুদু ওরাওয়ের নেতৃত্বে হাজার হাজার আদিবাসী মানুষ তীর ধনুক নিয়ে রংপুর ক্যান্টনমেন্টে আক্রমন চালায়। এ সময় হানাদারদের গুলিতে নিহত হয় শত শত আদিবাসী মানুষ। এই ঘটনা সমগ্র উত্তরবঙ্গে বাঙালিদের মধ্যে উদ্দীপনা তৈরি করে।
মূল প্রবন্ধে অধ্যাপক মেসবাহ কামাল বলেন, উত্তরবঙ্গের সাঁওতাল, ওরাও, ডালু, মালপাহাড়ী, পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ময়মনসিংহের গারো, হাজং, কোচ, সিলেটের মনিপুরী, চা বাগানের শ্রমিকসহ দেশের বিভিন্ন আদিবাসীরা যুদ্ধে অংশে নেওয়া, মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়া, শত্র“দের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্নভাবে যুদ্ধে অংশ নিয়েছে। কিন্তু তাদের অবদান অস্বীকৃত রয়েছে।
