২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৈশাখী ঝড়ে রাজধানীর জনজীবন বিপর্যস্ত

দশ মিনিটের কাল বৈশাখী ঝড় মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জনজীবন বিপর্যস্ত করে তোলে। নগরীর ব্যাপক এলাকায় বিদ্যুৎ চলে যায়, একটি সংবাদপত্র অফিসে শর্ট-সার্কিট হয়, আন্তর্জাতিক ফ্লাইটগুলোর ঢাকা ছাড়তে বিলম্ব হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সদরঘাট সূত্র জানায়, ১৫টি লঞ্চ প্রায় দুই ঘন্টা অপেক্ষা করে গন্তব্যে যাত্রা করে। এতে প্রায় পাঁচ হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়।

আবহাওয়া দফতরের মতে, ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া নগরীর ওপর দিয়ে বয়ে যায়। এসময় বজ্রসহ বৃষ্টিপাত হয়। আবহাওয়াবিদরা চার মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছেন বলে জানান।

ঝড়ের সময় ইংরেজি দৈনিক দ্য নিউ এজ অফিসে বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে  এর প্রেস ও অফিসের একাংশে আগুন ধরে যায়।

নিউ এজ’র সাংবাদিকরা জানান, শর্ট সার্কিটের কারণে পত্রিকাটির বুধবারের সংখ্যাটি প্রকাশ নাও হতে পারে।

এদিকে ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাতাসের দমকায় একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারে আগুন ধরে যায়। তবে অগ্নি নির্বাপক দল দ্রুত সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঢাকা বিমান বন্দর কন্ট্রোল রুম জানায়, কুয়েতেরগামী ০৪৩ বিমানটি ঝড়ের কারণে প্রায় আধাঘন্টা দেরি করে ঢাকা ত্যাগ করে।

সদরঘাট বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা জানান, ভোলা, লালমোহন, রাঙ্গাবালি, পটুয়াখালি, বোরহান উদ্দিন, চরমগাড়িয়া, মাদারিপুর, টরকি ও বরিশালগামী ১৫টি লঞ্চ প্রায় দুই ঘন্টা অপেক্ষা করে গন্তব্যে যাত্রা করে।