লোডশেডিং এবং লো ভোল্টেজের কারণে ইরি-বোরো চাষের ব্যাপক ক্ষতি
বন্যায় আমন উৎপাদনের ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইরি-বোরো চাষের জন্য বিদ্যুত সংকট নতুন হুমকি হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
বিডিনিউজ প্রতিনিধি জানান, আমনের ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা বেশিরভাগ জমিতেই এবার ইরি-বোরো চাষ করছেন। কিন্তু লোডশেডিং এবং লো ভোল্টেজের কারণে সেচ ব্যবস্থা ব্যাহত হওয়ায় তারা আবার নতুন করে ক্ষতির শিকার হচ্ছেন।
পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার সাতখামার গ্রামের হতাশ কৃষক আব্দুল কদ্দুছ জানান, ‘লো ভোল্টেজের কারণে আমরা রাতের বেলাতেও পাম্প চালাতে পারি না।’
পঞ্চগড় ছাড়াও উত্তরাঞ্চলের ১৬ টি জেলায় একই অবস্থা বিরাজ করছে। জেলাগুলো হলো-ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, নাটোর, নওগাঁ, পাবনা সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী।
ওই সমস্ত এলাকা ঘুরে আসার পর সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একজন কর্মকর্তা জানান ‘আমার সারা জীবনেও এত লো ভোল্টেজ দেখিনি।’
তিনি জানান, লো ভোল্টেজের কারণে প্রতিদিন গৃহস্থালী জিনিস ছাড়াও অনেক সেচ পাম্প নষ্ট হয়ে যাচ্ছে।
কর্মকর্তারা জানান, লো ভোল্টেজের কারণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এক হাজার ৪৪ টি সেচ পাম্পের মটর পুড়ে গেছে। উত্তরাঞ্চলের ১৬ টি জেলার সেচ ব্যবস্থা এ প্রকল্পের আওতায় রয়েছে।
বিডিনিউজ প্রতিনিধি জানান, ইতোমধ্যেই তিস্তা সেচ প্রকল্পের তিনশ পাম্প নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত এ সংখ্যা কয়েক হাজারে দাঁড়াতে পারে।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সেচ ব্যবস্থা চালু রাখতে বিদ্যুত বিভাগ যথাযথ বিদ্যুত সরবরাহ করবে বলে আশ্বাস দিয়েছে।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলেন, সেচ ব্যবস্থাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে।
অন্যদিকে, দেশের বিভিন্ন স্থানে বিদ্যুতের দাবিতে কৃষকরা বিক্ষোভ সমাবেশ করলেও অবস্থার বিশেষ উন্নতি হয়নি।
চলতি মৌসুমে চার দশমিক ২২ মিলিয়ন হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা গত মৗসুমের চেয়ে এক লাখ ৭০ হাজার হেক্টর বেশি।
লো ভোল্টেজের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেচ ব্যবস্থা। এ ছাড়াও পাম্প নষ্ট হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে। একটি নষ্ট পাম্পের মোটরের কয়েল মেরামতের জন্য কৃষকদের চার হাজার করে টাকা গুনতে হচ্ছে।
কর্মকর্তারা জানান, সাত থেকে আট মেগাওয়াট চাহিদার বিপরীতে পল্লী বিদ্যুত সমিতির একটি সাবস্টেশন পিক আওয়ারে দুই থেকে তিন মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে।
কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় তিনশ ৬০ ভোল্টেজের জায়গায় বর্তমানে বিদ্যুত উৎপাদনের পরিমান ১৭০ ভোল্টেজের বেশি না। অন্যদিকে, পল্লী বিদ্যুত সমিতির সাব স্টেশনগুলো নির্ধারিত ৩৩ কেভি ভোল্টেজের জায়গায় পাচ্ছে ২১ কেভি বিদ্যুত।
ঠাকুরগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল গাফফার লো ভোল্টেজের কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, এ ব্যাপারে তাদের কিছুই করার নেই।
পঞ্চগড় পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার এসএম মোজাম্মেল হকও স্বীকার করেন, লো ভোল্টেজ সমস্যার কারণে সেচ পাম্পের মোটর নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, পরিস্থিতি সম্পূর্ণ আয়ত্বের বাইরে।
অন্যদিকে, রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার একেএম নুরুল ইসলাম মণ্ডল বলেন, বিদ্যুত সমস্যার কথা লিখে সাংবাদিকরা বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তিনি দাবি করেন, উত্তরাঞ্চলে ৪৮০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে এবং তার পুরোটাই পাওয়া যাচ্ছে।
