২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধু ধু সাহারায় সাতদিন শুধুই পানি খেয়ে বেঁচেছিল ওরা

‘আফ্রিকার সাহারা মরুভূমিতে সাতদিন শুধু পানি খেয়েই বেঁচেছিলাম আমরা ২২ জন। কিন্তু বাঁচাতে পারিনি আমাদের বন্ধু নুরুকে। বালি আর পাথরের মরুতে কোন কিছু না পেয়ে অবশেষে গাড়ি চালকের মাথার পাগড়ি দিয়েই কাফনের কাপড় বানিয়ে মরুভূমির বালির মধ্যেই তাকে দাফন করে এলাম।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 02:41 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

সম্প্রতি নিঃস্ব হয়ে দেশে ফেরত আসা সাভারের সীমান্তবর্তী ভাকুর্তা ইউপি’র সলমাসি বাহেরচর গ্রামের দেলোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে এভাবেই তার সাহারা অভিজ্ঞতার দুঃসহ স্মৃতির বর্ননা  দেন।

এছাড়াও ওই এলাকার আব্দুল হক, খোকন, জহির মেম্বার, নুরুল ইসলাম, আব্দুল্লা, শফিক, জজ মিঞা, জহির খানসহ ২৩ যুবকের ১৩ জন অর্ধমৃত অবস্থায় গত শনিবার দেশে ফিরে আসলেও বাকিরা এখন মালিতে বসে দেশে ফেরার প্রহর গুনছেন।

আদম ব্যবসায়ীর প্রতারকচক্রের খপ্পড়ে পড়ে সাহারা একবুক স্বপ্ন নিয়ে বিদেশ যাওয়ার আশায় মরুভুমিতে আটকে পড়া ৩২ জনের মধ্যে ২৩ জনই এই ইউনিয়নের। তাদের ১৩ জন শনিবার দেশে ফিরে এসেছে এবং বাকি ৯ জন ফিরবে আগামী ২৪ মার্চ। 

সরজমিনে সাভারের ভাকুর্তা ইউনিয়ন ঘুরে ভাগ্যবিড়ম্বিত যুবক ও তাদের পরিবারের কাছ থেকে বিভিন্ন লোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য জানা যায়।

২০০৪ সালের ১৪ এপ্রিল পাশ্ববর্তী কেরাণীগঞ্জের তারানগর ইউনিয়নের আদম ব্যবসায়ী মনির হোসেন মিনু মাথা পিছু সাড়ে পাঁচ লাখ টাকার বিনিময়ে এই যুবকদের নিয়ে ইতালরি উদ্দেশ্যে রওনা দেয়। বেশিরভাগ পরিবার জমি জমা বিক্রি করে ও ঋন নিয়ে ভবিষ্যৎ সুখের আশায় তাদেরকে ইতালি পাঠায়। ভাগ্য বিড়ম্বিত ওই যুবকদের প্রথমে নিয়ে যাওয়া হয় দুবাইতে। সেখানে দু’দিন হোটেলে রাখার পর পাঠানো হয় আফ্রিকার গ্যাবোনে । দুইদিন পর তাদেরকে মালিতে নিয়ে যাওয়া হয়।

একমাস পর মরক্কোর উদ্দেশ্যে তাদেরকে মালি থেকে আফ্রিকার বারকিনা ফাসুতে নিয়ে যাওয়া হয়। কিন্তু মরক্কো প্রবেশে কড়াকড়ির জন্য তারা বারকিনায় একমাস কাটিয়ে পুনরায় মালিতে ফিরে আসে। এইভাবে অসহ্য শারিরীক ও মানসিক মন্ত্রণা শেষে ১ জুলাই তাদের ৩২ জনকে দুটি ল্যাণ্ডক্রুজারে করে মালির সীমান্ত থেকে আলজেরিয়া হয়ে স্পেনের উদ্দেশ্যে পাঠানো হয়।

এভাবেই তারা ঢুকে পড়ে সাহারায় । সাহারায় আসার পর স্পেন যাওয়ার চেয়ে জীবন বাঁচানোই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুধু বালি ও পাথরের সাহারায় প্রখর রোদে সাতদিন শুধু পানি খেয়েই জীবন কাটাতে হয়েছে তাদের।

আট জুলাই রাত ১২ টার দিকে মরুভুুমির মাঝখানে গাড়ি থামলে সবাই গাড়ি থেকে নামলেও নুরু আর নামতে পারেনি। তার মৃতদেহ গাড়িতেই পড়েছিলো। শেষ পর্যন্ত গাড়ি চালকের মাথার পাগড়ি দিয়ে কাফনের কাপড় বানিয়ে সাহারার ধু ধু মরুতে নুরুকে সমাহিত করা হয়। নুরুর বড় ভাইয়ের শ্যালক দেশ ফেরত দেলোয়ার হোসেন এ কথা জানান।

তবে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারক আদম ব্যবসায়ী মনির হোসেন এখনও পলাতক রয়েছে।