কিবরিয়া হত্যা মামলার তদন্ত অসম্পূর্ণ: আসমা কিবরিয়া
গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার বিধবা স্ত্রী আসমা কিবরিয়া তার স্বামীর মর্মান্তিক হত্যাকাণ্ডের জন্য দাখিলকৃত চার্জশিট আবারও প্রত্যাখ্যান করে বলেছেন হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়নি।
ধানমন্ডিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে সোমবার আসমা কিবরিয়া বলেন, তদন্ত মাঝ পথে থামিয়ে দিয়ে যে রিপোর্ট তৈরি করা হয়েছে সেটি নিঃসন্দেহে অসম্পূর্ণ। আমার পরিবার এ চার্জশীট প্রত্যাখ্যান করছে।
তিনি বলেন, আসামী কাইউমের বক্তব্যও ১৬৪ ধারা অনুযায়ী রেকর্ড করা হয়নি, যা তাকে ছাড়া পেতে সাহায্য করবে। তার মতে, দণ্ডবিধির ধারা অনুয়ায়ী জবানবন্দি রেকর্ড না করে মামলা থেকে অপরাধীদের রেহাই পাওয়ার পথ পরি¯কার রাখা হয়েছে।
এছাড়াও চার্জশীট জনসম্মুখে তুলে ধরার দাবি করেন তিনি।
তদন্তের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে আসমা কিবরিয়া বলেন, শীর্ষ নেতাদের নির্দেশ ছাড়া একজন স্থানীয় নেতার পক্ষে এমন একটি হত্যাকাণ্ডের পরিকল্পনা করা সম্ভব নয়। তিনি বলেন, ‘কাইউম চৌধুরীর মতো চুনোপুটির পক্ষে এ কাজ করা সম্ভব নয়।’
কয়েকজন প্রভাবশালী মন্ত্রী তদন্তে প্রভাব বিস্তার করেছেন বলে অভিযোগ করেন তিনি।
হত্যাকাণ্ড সম্পর্কে অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন, কিবরিয়া হত্যাকাণ্ডটি আঞ্চলিক এবং ব্যক্তিগত বিষয়। আসমা কিবরিয়া অর্থমন্ত্রীর মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, বিষয়টি যখন আঞ্চলিক পর্যায়ে চলে যায় তখনই তদন্ত প্রক্রিয়াটি থেমে যায়।
বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগের জড়িত থাকার মন্তব্যের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, তদন্তে দেখা যাচ্ছে বিএনপি’র লোকজনই হত্যাকাণ্ডের সাথে জড়িত।
তিনি আবারও এফবিআই দিয়ে হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়ে বলেন, এফবিআই’র তদন্ত ছাড়া সঠিক ও নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়।
তিনি আরও বলেন, যারা এই হত্যাকাণ্ডের তদন্তে রয়েছেন তাদেরও সীমাবদ্ধতা রয়েছে। এই সরকারের অধীনে তারা তাদের কাজ করতে পারছেন না।
শাহ এএমএস কিবরিয়ার মেয়ে নাজলী কিবরিয়া এফবিআই’র তদন্তের ব্যাপারে সরকারের সিদ্ধান্তের কথা জানতে চেয়ে বলেন, সরকারের তদন্তের আগে একেবারে শুরুতেই এফবিআইকে তদন্ত পরিচালনা করতে দেয়া উচিত ছিল।
তিনি আরও বলেন, শুধুমাত্র গ্রেনেড হামলা নয়, হেলিকপ্টার প্রেরণে বিলম্ব এবং চিকিৎসার ব্যাপারটিও তদন্তে আসা উচিৎ। নিহত আওয়ামী লীগ নেতার একমাত্র ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। তিনি এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ি করেছিলেন। এজন্য তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত।
শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর মন্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, যাদেরকে এ পর্যন্ত দোষী সাব্যস্ত করা হয়েছে তারা সকলেই বিএনপি কর্মী। নিজামী বলেছিলেন, পাশ্ববর্তী দেশের গোয়েন্দারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অথচ যারা দোষি সাব্যস্ত হয়েছে তারা সকলেই বিএনপি’র সদস্য।
যাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হলো এরা কি সকলেই প্রতিবেশী দেশের গোয়েন্দা? তিনি প্রশ্ন করেন।
