ডিসিসি এ মাসেই ঝুঁকিপূর্ণ মার্কেট পুন:নির্মাণ ও সংস্কার শুরু করবে
ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) ১৩টি ঝুঁকিপূর্ণ মার্কেট ভেঙ্গে নতুন করে নির্মাণ ও সংস্কারের কাজ এ মাসেই শুরু করতে যাচ্ছে।
ডিসিসি’র মেয়র এবং স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন শেষে এ কাজ শুরু হচ্ছে।
ডিসিসি’র বাজার শাখা সূত্র জানায়, ১৩টি মার্কেট ভাঙ্গা বা সংস্কারের পরামর্শ দিয়ে একটি প্রস্তাব ২০০৪ সালের ৩১ জুলাই পরিকল্পনা শাখায় পাঠানো হয়। এতে এই মার্কেটগুলোকে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
ডিসিসির পরিকল্পনা শাখা থেকে বাজারগুলোর অবস্থা পর্যালোচনা সাপেক্ষে প্রতিবেদন তৈরী করে অনুমোদনের জন্য মেয়রের কাছে পাঠানো হয়। প্রতিবেদনটিতে মেয়রের অনুমোদনের পর ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকেও অনুমোদন দেওয়া হয়েছে।
বাজার শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোজাফ্ফর হোসেন বিডিনিউজকে জানান, ঝুঁকিপূর্ণ বাজারগুলো চিহ্নিত করে ভেঙ্গে নতুন করে নির্মাণ বা সংস্কার করার প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।
পরিকল্পনা শাখার প্রতিবেদনে মার্কেটগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে তালিকা তৈরি করা হয়েছে।
তালিকায় সর্বাধিক ঝুঁকিপূর্ণ হিসেবে রায়ের বাজার ডিসিসি মার্কেট ও কাঁচাবাজারকে চিহ্নিত করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে গুলশান দুই নম্বর সেকশন কাঁচাবাজার।
ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে গুলশান এক নম্বর সেকশন কাঁচাবাজার, গুলশান দুই নম্বর (উত্তর) ডিসিসি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল ও কাঁচাবাজার, নয়াবাজার নবাব ইউসুফ আলী সুপার মার্কেট, সদরঘাট লেডিস পার্ক হকার্স মার্কেট, কাপ্তান বাজার রোডসাইড মার্কেট ও সূত্রাপুর কাঁচাবাজার।
কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে লালকুঠি রোড সাইড মার্কেট, মোহাম্মদপুর কাঁচাবাজার ও লক্ষ্মীবাজার রুচিরা ভবন (পুরণো ডিসিসি ভবন)। তবে কারওয়ান বাজার মার্কেট ও মিরপুর এক নম্বর শাহ আলী মার্কেটকে ঝুঁকিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে।
বাজার শাখার নির্বাহী প্রকৌশলী জানান, প্রাথমিকভাবে মিরপুর এক নম্বর সেকশনের জরাজীর্ণ মার্কেটটি ভাঙ্গার প্রক্রিয়া শুরু হয়েছে। এ মাসের মধ্যেই কাজ শুরু হবে। স্থানীয় লোকজনের অসুবিধার কথা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যেই এর কাজ শেষ হবে।
তিনি আরও জানান, বাকি মার্কেটগুলো ভাঙ্গার ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে রাজউকের প্রধান প্রকৌশলীকেও রাখা হয়েছে। কমিটির প্রস্তাব অনুযায়ী পর্যায়ক্রমে অন্য মার্কেটগুলোও ভেঙ্গে ফেলা বা সংস্কার করা হবে।
গত বছরের ৯ জুন শাখারী বাজারে পুরণো একটি ছয়তলা ভবন ভেঙ্গে পড়ে ১৯ জনের মৃত্যু হয়। এরপরই ডিসিসি পুরণো মার্কেট ও ভবন ভেঙ্গে নতুন করে নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেয়।
