গাইবান্ধায় কিশোরী ফরিদাকে ৫ বছর পর ফিরে পেল তার বাবা
শিশুকালে হারিয়ে যাওয়া কিশোরী ফরিদাকে প্রায় পাঁচ বছর পর ফিরে পেল তার বাবা। চট্টগ্রামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রোববার গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে ফরিদাকে তার বাবার কাছে হস্তান্তর করেছে।
দুই বছর বয়সী ফরিদাকে নিঃসন্তান পিতা আকু মিয়া গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশনে কুড়িয়ে পেয়ে লালন করতে থাকে। ছয় বছর বয়সে আকু মিয়ার এক আত্মীয় ফরিদাকে ঢাকার মতিঝিলে একটি বাসায় গৃহপরিচারিকা হিসেবে রেখে দেয়। পালক পিতা আকু মিয়া মেয়েটিকে সেই থেকে আর খুঁজে পাচ্ছিল না।
এদিকে অতিরিক্ত কাজের চাপ, মারধর ও গালাগালিতে অতিষ্ঠ হয়ে ৮ বছর বয়সী ফরিদা ঢাকার ওই বাসা থেকে পালায়। ঢাকার ফুটপাতে ছিন্নমূল শিশুদের সাথে থাকতে শুরু করে সে। সেখানেও শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়। দুই বছর পর আবার এক বান্ধবীর সাথে ঢাকার ফুটপাতের জীবন ছেড়ে চট্টগ্রামে পালিয়ে যায়।
স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয় বাংলাদেশ, ড্রপ-ইন সেন্টার অ্যান্ড ক্লাবের কর্মীরা চট্টগ্রাম শহর থেকে তাকে উদ্ধার করে। সংস্থার সহযোগিতায় ছিন্নমূল কিশোরী ফরিদাকে সেলাই প্রশিক্ষণ ও লেখাপড়া শিখিয়ে স্বাবলম্বী করে তোলা হয়।
ফরিদার বাবার খুঁজ পেয়ে গাইবান্ধা প্রেসক্লাবের সাথে যোগাযোগের মাধ্যমে অপরাজেয় বাংলাদেশের কর্মী চন্দন কুমার বড়–য়া ও রেজাউল করিম চট্টগ্রাম থেকে ফরিদাকে নিয়ে এসে গাইবান্ধায় পরিবার-পরিজনের কাছে হস্তান্তর করে।
