তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের সমর্থন চায় চীন
তাইওয়ান ইস্যুতে বাংলাদেশের সমর্থন চায় চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাই জি এ প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশ চীনের নির্ভরযোগ্য বন্ধু। তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দশম ন্যাশনাল পিপলস কংগ্রেসের তৃতীয় অধিবেশনে গৃহীত বিচ্ছিন্নতারোধ আইনের গুরুত্ব বাংলাদেশ অনুধাবন করবে এবং সমর্থন করবে বলে আশা করি।
রোববার বাংলাদেশ ইস্টউটিউট অব ল এন্ড ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স আয়োজিত ‘পিস, ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন : চায়না’স পলিসি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিচারপতি কেএম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শওকত আলী খান, জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। স্বাগত ভাষন দেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালি উর রহমান।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত শাফি সামি, আরশাদুজ্জামান, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মনসহ অন্যান্য শিক্ষাবিদ ও কূটনীতিক উপস্থিত ছিলেন।
সাবেক রাষ্ট্রদূত ও গবেষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চীনা রাষ্ট্রদূত চাই জি।
তিনি বলেন, মাত্র এক সপ্তাহ আগে গত ১৪ মার্চ পিপলস কংগ্রেস বিচ্ছিন্নতারোধ আইন গৃহীত হয়। তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার প্রবনতা রোধ করতে এই প্রনয়ন করা হয়েছে বলে তিনি জানান।
চাই জি বলেন, শান্তিপূর্ণ পুনঃএকত্রীকরণ, তাইওয়ানে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, চীনের সার্বভৌমত্ব, ও অখন্ডতা রক্ষা এবং চীনা জাতির স্বার্থে এই আইন প্রনয়ন করা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় চীনের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক পার্টনারে পরিনত হয়েছে। ৬ বছর আগে দু‘দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমান ছিল ৬৫০ মিলিয়ন ইউএস ডলার। আর গত বছর দ্বিপক্ষীয় বানিজ্যের পরিমান দাঁড়িয়েছে ১ দশমিক ৯৬৮ বিলিয়ন ইউএস ডলারে। যা ২০০৩ সালের তুলনায় ৪৩.৫ ভাগ বেড়েছে।
চীনা রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম সহযোগী হিসেবে পরিনত হয়েছে এবং পরিবহন, যোগাযোগ ও জ্বালানি খাতে বিভিন্ন প্রকল্পে সহায়তা দিয়ে আসছে।
এক প্রশ্নের উত্তরে চাই জি বলেন, চীন এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী। তবে কোন বৃহৎ দেশের সঙ্গে জোট গঠন করবে না দেশটি।
