ড. গালিব এখন গোপালগঞ্জে
গোপালগঞ্জের কোটালীপাড়া ব্র্যাক অফিসে ডাকাতির ঘটনায় থানায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের নেতা ড. আসাদুজ্জামান গালিবকে শনিবার মধ্যরাতে কঠোর পুলিশী প্রহরার মধ্য দিয়ে গাইবান্ধা থেকে গোপালগঞ্জ কারাগারে আনা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার কর্মকর্তা ওসি শাহ কবির হোসেন বিডিনিউজকে জানান, ১৭ জানুয়ারি সন্ধ্যার দিকে ব্র্যাক অফিসের কর্মকর্তারা দায়ীত্ব পালনরত অবস্থায় ১৫-২০ জনের একদল অস্ত্রধারী যুবক অফিসে প্রবেশ করে। তারা কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছয় টি মোটর সাইকেল, পাঁচটি মোবাইল, দু’টি বাই সাইকেল, তিনটি সোনার আংটি, পাঁচটি হাতঘড়ি এবং বেতন বোনাসের প্রায় এক লক্ষ টাকাসহ বিভিন্ন মালামাল লুঠ করে।
তিনি জানান, এদিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন যুবককে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বিপুল পরিমান অস্ত্র, বোমা, ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ওসি শাহ কবির জানান, পরে গ্রেফতারকৃতরা আদালতে দেওয়া জবানবন্দিতে জঙ্গী নেতা ড. গালিবের কথা উল্লেখ করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ড. গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জে আনা হয়।
