মৌরিতানিয়ায় সাজাপ্রাপ্ত ২৪ বাংলাদেশী দেশে ফিরেছে
মৌরিতানিয়ার জেলে বন্দী থাকা চব্বিশজন বাংলাদেশী শনিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরে এসেছে। এদের ২২ জনের বাড়ি কামরাঙ্গীর চর ও কেরানীগঞ্জে। বাকি দুই জনের একজনের বাড়ি ফেনী এবং অন্যজনের সিলেটে।
ফিরে আসা অলি, রানা ও শাহিন বলেন, গত বছর চার পাঁচ লাখ টাকা খরচ করে লিংকন ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা ইতালী যাবার জন্য রওনা দেয়।
তারা জানান, ‘প্রথমে আমাদের মালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক বাংলাদেশী দালাল পাকিস্তানী দালালের কাছে হস্তান্তর করে। সে আমাদের মরুভূমির মধ্য দিয়ে হাঁটিয়ে মরক্কো নিয়ে যায়।’
শাহিন বলেন, ‘মরক্কো-মৌরিতানিয়া সীমান্তে পৌঁছুলে আমরা পথ হারিয়ে ফেলি। এসময় পুলিশ আমাদের গ্রেফতার করে।’
তিনি আরও জানান, বাংলাদেশী রাষ্ট্রদূতের সহায়তায় তারা ছাড়া পায়। তবে এখনও ২৬ জন বাংলাদেশী সেখানকার জেলে বন্দী আছে।
