২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতসহ প্রতিবেশী দেশেগুলোর সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে :পররাষ্ট্র সচিব

নব নিযুক্ত পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন শনিবার বলেছেন, প্রতিবেশী দেশ ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের ভাল সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতে সে সম্পর্ক আরও জোরদার হবে।

সার্ক সম্মেলন বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সার্কের বর্তমান চেয়ার পাকিস্তান অন্যান্য সদস্য দেশের সাথে সম্মেলন আয়োজনের সুবিধাজনক তারিখ নিয়ে আলোচনা করছে। বাংলাদেশ তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে বাংলাদেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের এ মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা সংবাদপত্রের ধারনা। আমি এ ধরনের ধারণার ওপর কোনও মন্তব্য করব না।

সরকার বাংলাদেশ থেকে দু’জন রাষ্ট্রদূত প্রত্যাহারের অনুরোধ করতে পারে, এ রকম একটি রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’  

বাংলাদেশ বিদেশিদের ডিকটেশনে চলবে না, সংসদে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ বক্তব্য এবং অর্থমন্ত্রী সাইফুর রহমানের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধানমন্ত্রী যা বলেছেন তা চূড়ান্ত।

দেশের অর্থনৈতিক কূটনীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর অর্থনৈতিক কূটনীতিতে বাংলাদেশ তাৎপর্যপূর্ণ সফলতা অর্জন করেছে।