২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশ মিশনে ব্যাপক দুর্নীতি, দর্শনার্থীরা দালালদের খপ্পরে

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে দুর্নীতিবাজ কর্মকর্তা ও দালালদের খপ্পরে পড়ে দর্শনার্থীরা ব্যাপক হয়রানির শিকার হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশী শ্রমিকরা দূতাবাসের কর্মকর্তাদের আচরণে সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, দূতাবাসের কর্মকর্তারা খুব কম সময়ই ভালো ব্যবহার করেন।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, নতুন ভিসা অফিসার যোগদানের পরপরই দূতাবাস থেকে ২০০ বাংলাদেশী নাগরিকের পাসপোর্ট হারিয়ে যায়।

কিছু দিন আগে এক মালয়েশীয় মহিলা অভিযোগ দায়ের করেন, তিনি ভিসা চাওয়ার সময় দূতাবাসের এক কর্মকর্তা তার কাছ থেকে উৎকোচ দাবি করে। বিষয়টি দূতাবাস ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।

বিমানের টিকিট বিক্রি, ট্রাভেল পাস ইস্যু, ভিসা নবায়ন, নতুন পাসপোর্ট এবং বাংলাদেশী শ্রমিকদের কার্যাদেশ প্রদানের সময় দূতাবাসের অসৎ কর্মকর্তা, দালাল ও ট্রাভেল এজেন্টরা লাখ লাখ মালয়েশীয় রিঙ্গিত বাগিয়ে নিচ্ছে।

মালয়েশিয়ায় বেশিরভাগ ট্রাভেল এজেন্সির লোকরা পরিহাস করে বলেন, ‘বাংলাদেশের দূতাবাস আর কিছু নয়, সোনার ডিম পাড়া হাঁস।’ দূতাবাসের একজন স্টেনো টাইপিস্টের স্বামীরও কুয়ালালামপুরে একটি কাঠের দোকান রয়েছে।

অনেকদিন ধরে মালয়েশিয়ায় আছেন, এমন কজন বাংলাদেশী বিডিনিউজের সাথে আলাপকালে অভিযোগ করেন, বাংলাদেশের দূতবাস দালাল ও বাইরের ট্রাভেল এজেন্টদের হাতে জিম্মি। সেখানে ফ্রন্ট ডেস্কের কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ রয়েছে বলে তারা জানান।

মালয়েশিয়ার রাজধানীর এক শপিং মলে কাজ করেন আমিনুল ইসলাম খান। তিনি জানান, দূতাবাসে যে কোন কাজ করতে গেলেই অতিরিক্ত অর্থ দিতে হয়। খুব কম সময়ই সেখান থেকে দ্রুত কোন সার্ভিস পাওয়া যায়। তবে সেখানে কিছু সৎ কর্মকর্তাও আছেন বলে তিনি জানান।

আব্দুল বাতেন নারায়নগঞ্জ থেকে এসে কুয়ালালামপুরে পারফিউমের ব্যবসা করছেন। দূতাবাস কর্মকর্তাদের র্দুব্যবহার সম্পর্কে তিনি বলেন, কোনও প্রয়োজনে কেউ যদি সেখানে ফোন করে, তাহলে তার সাথে ভালো ব্যবহার করা হয় না।

ঘুষ ছাড়া কেউ যদি পাসপোর্ট নবায়ন করাতে যান, তাহলে তাকে প্রায় এক মাস অপেক্ষা করতে হয়।

ফেনী থেকে আসা শামসুল আলম জীবনও বাংলাদেশের দূতাবাসকে দুর্নীতির আখড়া বলে আখ্যা দেন।

যদি কোন অশিক্ষিত কিংবা অল্প শিক্ষিত লোক দূতাবাসের ফর্ম পূরণে ভুল করে, তাহলে ফ্রন্ট ডেস্কের কর্মকর্তারা তা সংশোধন করে দেয় না। এর পরিবর্তে তারা ওই সব বাংলাদেশী নাগরিককে দালালদের কাছে যাবার পরামর্শ দেন।

অবৈধ শ্রমিকদের দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে যখন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল, তখন ট্রাভেল এজেন্টরা যোগসাজশ করে ৬০০ মালয়েশীয় রিঙ্গিত দামের একটি বিমান টিকেট ১০০০ মালয়েশীয় রিঙ্গিতে বিক্রি করে।

বর্তমানে মালয়েশিয়ায় বসবাসকারী ৯০/৯৫ হাজার বাংলাদেশীর জন্য বাংলাদেশ দূতাবাসে  রাষ্ট্রদূতসহ সাতজন কর্মকর্তা রয়েছে। অন্যদিকে, মালয়েশিয়ায় তিন লাখ নেপালী শ্রমিক কাজ করে, অথচ নেপাল দূতাবাসে মাত্র তিন জন কর্মকর্তা রয়েছে।

বিডিনিউজ প্রতিবেদকের সাথে আলাপকালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফি ইউ আহমেদ দূতাবাসে দালালদের সক্রিয় থাকা এবং কিছু জাল ট্রাভেল পাস ইস্যু করার বিষয়টি স্বীকার করেন। সাধারণ ক্ষমার সময়ে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা নিষ্ঠার সাথে কাজ করেছেন বলে তিনি দাবি করেন।